ককরোচ জনতা পার্টির বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ের শিবাজি পার্কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই। তিনি পাশের থানে জেলার বাসিন্দা ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি শিবাজি পার্ক এলাকায় বিক্ষোভের আয়োজন করে। বিকেল সাড়ে ৪টার দিকে গোপালকৃষ্ণ ওই কর্মসূচিতে অংশ নিতে সেখানে পৌঁছান।
পুলিশের এক কর্মকর্তা জানান, বিকেল ৫টার দিকে গোপালকৃষ্ণের তীব্র বুকে ব্যথা শুরু হয়। পরে বিক্ষোভস্থলে থাকা তাঁর বন্ধু ও পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুক্রবার বিকেল ৪টার দিকে শিবাজি পার্ক এলাকায় বিক্ষোভ শুরু হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও শিবাজি পার্কের আশপাশে হাজারো মানুষের সমাগম হয়েছিল।
বিক্ষোভকারীরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এই দাবিতে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।








