Logo

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ককরোচ পার্টির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৫
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ককরোচ পার্টির
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ভোটার অধিকার ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটি সিইসিকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। দাবি পূরণ না হলে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে তারা।

বিজ্ঞাপন

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় আহ্বায়ক অভিজিৎ দীপকে বলেন, জ্ঞানেশ কুমার নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রথমে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ হবে। পরে দিল্লিতে বড় কর্মসূচি নেওয়া হবে। তিনি বলেন, সিইসি পদত্যাগ না করলে ‘জন্তর মন্তর ২.০’ কর্মসূচি হবে।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে কর্মসূচি পালন করেছিল সিজেপি। সংগঠনটির দাবি, ওই আন্দোলনের পর ২৫ জুলাই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনলাইনে যাত্রা শুরু করা সিজেপি বর্তমানে বিভিন্ন ইস্যুতে প্রশাসনিক জবাবদিহির দাবিতে কর্মসূচি চালাচ্ছে। প্রাথমিক বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি নিয়ে প্রচারের পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে অন্যান্য ক্ষেত্রেও সরকারের কাছে জবাবদিহির দাবি কার্যকর করা কঠিন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ আপত্তি নিয়ে বিতর্ক

সিজেপির এই দাবির পেছনে অন্যতম প্রেক্ষাপট হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে উঠে আসা আপত্তি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গত ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন এসআইআর-সংক্রান্ত সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন।

প্রতিবেদনটিতে বলা হয়, আপত্তিগুলোর মধ্যে নতুন ভোটার নিবন্ধন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও পুনর্বহাল, ফর্ম-৬ পরিবর্তন এবং ভোটার তথ্যের প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ছিল। দুই নির্বাচন কমিশনারের অভিযোগ ছিল, কিছু সিদ্ধান্ত তাদের জ্ঞাতসারে বা অনুমোদন ছাড়া নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে নির্বাচন কমিশন এসব লিখিত আপত্তিকে নিজেদের নিয়মিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করেছে। কমিশনের বক্তব্য, কোনো প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নেওয়ার সময় ভিন্নমত ও পর্যবেক্ষণ থাকা স্বাভাবিক। লিখিত মতামত, প্রযুক্তিগত পরামর্শ এবং অভ্যন্তরীণ যাচাই-বাছাই নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও কমিশন জানিয়েছে।

তিন বিষয়ে তদন্তের দাবি

সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস তিনটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথমত, অনলাইনে ফর্ম-৬ জমা দেওয়ার ক্ষেত্রে নতুন ভোটারদের জন্য যুক্ত করা অতিরিক্ত ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। এতে আবেদনকারী বা তার বাবা-মায়ের আগের এসআইআর ভোটার তালিকায় উপস্থিতির তথ্য চাওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। সিজেপির বক্তব্য, এর ফলে প্রথমবার ভোটার হতে যাওয়া ব্যক্তিদের কেউ সমস্যায় পড়তে পারেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের আবেদন ও আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি জানিয়েছে সংগঠনটি। বিশেষ করে এসআইআর-সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের আইনি পদক্ষেপ ও বাদ পড়া ভোটারদের আপিল কীভাবে বিবেচনা করা হচ্ছে, তা প্রকাশের দাবি করা হয়েছে।

তৃতীয়ত, ভোটার তালিকার তথ্যকেন্দ্রীকরণ নিয়েও ব্যাখ্যা চেয়েছে সিজেপি। সংগঠনটির বক্তব্য, ভোটার নিবন্ধন, নাম বাদ দেওয়া এবং ভোটার তথ্য ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে নেওয়া হচ্ছে এবং কার অনুমোদন রয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও যেসব দাবি সিজেপির

জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি এসআইআর চলাকালে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের স্বাধীন তদন্ত দাবি করেছে সিজেপি। বিতর্কিত পরিবর্তন ও নির্দেশনার অনুমোদন কোন কর্মকর্তারা দিয়েছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

সিজেপি আরও বলেছে, এসআইআর-সংক্রান্ত বাদ পড়া ভোটারদের বিষয়ে পদক্ষেপ নেওয়া, পুরোনো ভোটার তালিকা সংরক্ষণ এবং সংশ্লিষ্ট নথি স্বাধীনভাবে পর্যালোচনার সুযোগ থাকা প্রয়োজন। নির্বাচন কমিশনের দুই সদস্যের লিখিত আপত্তি ও কমিশনের জবাব প্রকাশের দাবিও তুলেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এদিকে, কমিশনের ভেতরের মতপার্থক্য নিয়ে প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক বিতর্কও জোরালো হয়েছে। তবে নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতামত ও আপত্তিকে স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD