বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাসহ রাজ্যের ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দমকা হাওয়ারও সতর্কতা রয়েছে।
বিজ্ঞাপন
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, গভীর নিম্নচাপটি ২৩ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১টার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে। বৃহস্পতিবার সকালে এটি উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছিল।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী কয়েক ঘণ্টা একই তীব্রতা বজায় রাখতে পারে। এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কলকাতাতেও ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। আইএমডির কলকাতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ২৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড় ও দমকা হাওয়ার কথা বলা হয়েছে। ২৫ সেপ্টেম্বরও বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়ও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকতে পারে। উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি শনিবার থেকে শুরু হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।








