রোহিঙ্গা গণহত্যার বিচার কার্যকরে তৎপর মালয়েশিয়া

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানায় মালয়েশিয়া। একই সঙ্গে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী কুয়ালালামপুর।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় মালয়েশিয়ার দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে দেশটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পরিচালিত সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের এ সিদ্ধান্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠার আলোচনায় নতুন গুরুত্ব তৈরি করেছে।
অন্যদিকে, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। এ ছাড়া গত অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন অভিবাসন বন্দিশিবিরে আটক ছিলেন আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং আসিয়ানের সঙ্গে দেশটির সম্পর্কও রোহিঙ্গা সংকটের সমাধান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। ২০২১ সালে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে মিয়ানমারের সামরিক নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে গত বুধবার মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আসিয়ানের সঙ্গে সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছেন। একই সঙ্গে জোটের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
এর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান নেতাদের বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে দৃশ্যমান অগ্রগতি হলে দেশটিকে ধাপে ধাপে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে রোহিঙ্গা সংকটের সমাধান, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক—এই তিনটি বিষয়কে ঘিরেই এখন নতুন করে আলোচনা জোরালো হচ্ছে।
তথ্য সূত্র : আনাদোলু এজেন্সি








