রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল তুরস্ক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় ঘোষণার পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি নির্ধারণ করেছেন। পাশাপাশি গণহত্যা প্রতিরোধ ও এ অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তুরস্কজানায়, মামলার শুরু থেকেই তারা গাম্বিয়ার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গা মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে চলা পরিকল্পিত নিপীড়নের আনুষ্ঠানিক স্বীকৃতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তুরস্ক মিয়ানমারকে আদালতের রায়ের নির্দেশনা সম্পূর্ণভাবে ও বিলম্ব ছাড়াই বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা মুসলমানদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। এ ছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতিও বজায় রাখবে আঙ্কারা।








