Logo

ক্রিমিয়া সেতুতে ৪ দিনে ৩ বার হামলা, কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা পুতিনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬, ১৮:০৩
ক্রিমিয়া সেতুতে ৪ দিনে  ৩ বার হামলা, কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা পুতিনের
ছবি: সংগৃহীত

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে চার দিনের মধ্যে তিন দফা হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে চালানো হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার পাল্টা জবাব হবে হামলার চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক।

বিজ্ঞাপন

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে বুধবার চীনের শেনঝেন শহরে যান পুতিন। এর পরদিন স্থানীয় সময় ভোরে ক্রিমিয়া সেতুতে তৃতীয় দফায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলার কারণে সেতুটিতে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পুতিনের।

তবে ক্রিমিয়া সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সঙ্গে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সেতুটিতে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সম্প্রতি রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলকে সমুদ্রপথ ও জ্বালানি খাতে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করতে বলেছিলেন তিনি। এর মাধ্যমে দুই দেশের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারত।

বিজ্ঞাপন

কিন্তু ক্রিমিয়া সেতুতে সর্বশেষ হামলার পর সেই অবস্থান থেকে সরে এসেছেন বলে জানান রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, “কিন্তু ক্রিমিয়া সেতুতে হামলার পর আমরা আর কোনো আলোচনা করব না। আমরা এই হামলার জবাব দেব—আমি চাই সবাই এটি জানুক।”

তিনি আরও বলেন, “এবং আমি বিশ্বাস করি, কিয়েভ প্রশাসন এই সেতুকে লক্ষ্য করে যা করেছে, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে আমাদের জবাব।”

বিজ্ঞাপন

রুশ প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের হামলায় সেতুটির সড়ক অংশে গুরুতর ক্ষতি হয়েছে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এটি আবার সচল করা হবে। প্রয়োজনে পুরো সেতু পুনর্নির্মাণের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

২০১৮ সালে উদ্বোধন করা ১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়া সেতুটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। প্রেসিডেন্ট পুতিন নিজেই সেতুটির উদ্বোধন করেছিলেন। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলে নেওয়ার পর উপদ্বীপটির সঙ্গে রাশিয়ার সংযোগ প্রতিষ্ঠায় এটি বিশেষ গুরুত্ব বহন করে।

কার্চ প্রণালীর ওপর নির্মিত এই সেতু একসময় ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের কাছে সামরিক সরঞ্জাম ও অন্যান্য রসদ পৌঁছানোর অন্যতম প্রধান পথ ছিল। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি বদলে যায়। পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোর মধ্য দিয়ে তৈরি স্থলপথ এখন রুশ সামরিক বাহিনীর সরবরাহ ব্যবস্থায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

পুতিনের দাবি, ক্রিমিয়া সেতুটি সম্পূর্ণভাবে বেসামরিক কাজে ব্যবহৃত হয়। সেখানে সামরিক সরঞ্জাম, গোলাবারুদ কিংবা জ্বালানি পরিবহন করা হয় না।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়া সেতুতে হামলাগুলোকে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোর ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন।

সূত্র: মস্কো টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD