হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার (পিআইএফ টাওয়ার)। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্পদ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কার্যালয় এই ভবনে অবস্থিত।
বিজ্ঞাপন
হামলায় টাওয়ারটির সাত থেকে আটটি তলার জানালা ভেঙে গেছে। পাশাপাশি ভবনের ধাতব কাঠামোর কয়েকটি অংশও বেঁকে গেছে। সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ভবনটির নাম সরাসরি উল্লেখ করা না হলেও প্রকাশিত ছবিতে পিআইএফ টাওয়ারকে শনাক্ত করা গেছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রাজধানীর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এলাকায় অবস্থিত টাওয়ারটিতে হামলার পাশাপাশি আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, রিয়াদের পিআইএফ টাওয়ার লক্ষ্য করে দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম দফায় ভোরে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় হামলা চালানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে হুথিরা আরও দাবি করেছে, একই দিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলা চালানো হয়েছে। তবে এসব স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিকট শব্দে ঘুম ভাঙে রিয়াদের বাসিন্দাদের। হামলার পর নিরাপত্তার কারণে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালিয়েছিল হুথিরা। ওই ঘটনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটল।
গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার ও সৌদি আরবের সঙ্গে হুথিদের বিরোধ নতুন করে তীব্র হয়েছে। এরপর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সরকারি বাহিনীকে হুথিবিরোধী অভিযানে সহায়তা করছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবাহর দাবি, বৃহস্পতিবার ভোরে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় দেশটির অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখী ও তেলনির্ভরতা থেকে বের করে আনার পরিকল্পনা রয়েছে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা সেই পরিকল্পনার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
এদিকে বুধবার রিয়াদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইয়েমেন সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এটি ছিল সৌদি আরবে কুপারের তৃতীয় প্রকাশ্য সফর।
সৌদি কর্মকর্তাদের পরিকল্পনা সম্পর্কে অবগত দুই মার্কিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রিয়াদ মনে করছে, চলমান সংঘাত আরও ছয় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সৌদি পরিকল্পনা সম্পর্কে জানেন এমন তৃতীয় একটি সূত্রও একই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স, সৌদি প্রেস এজেন্সি








