Logo

সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১৮:৩৮
সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন এলাকার বাড়িঘর। বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। একই দিন ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আগে আকাশপথে হামলার আশঙ্কা থাকলে মোবাইল ফোনে যে ধরনের সতর্কবার্তা পাঠানো হয়, এবার তা দেওয়া হয়নি।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো আগাম সতর্কতা ছাড়াই এমন শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের সময় তার বাড়ির দরজাগুলো খুলে যায়। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলের দিকে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোটটি।

বিজ্ঞাপন

এদিকে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা চালু করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার খবরের মধ্যে রিয়াদের এই বিস্ফোরণের ঘটনা ঘটল। গত অক্টোবরেও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ১৪ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। এরপর দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে হুতিদের সঙ্গে চলমান সংঘাতে জড়িত এই জোটের বিরুদ্ধে গত জুলাই থেকে হামলার পরিমাণ বেড়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD