Logo

স্ত্রীর পরকীয়া সম্পর্ককে পুঁজি করে ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১৬:৫৫
স্ত্রীর পরকীয়া সম্পর্ককে পুঁজি করে ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী
ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সামনে এসেছে তাঁর স্বামী কাং ওয়েইয়ের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের চিত্র। চীনে সরকারি সহায়তায় একের পর এক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়ে বিপুল বিনিয়োগের প্রস্তাব পেয়েছেন এই ব্যবসায়ী। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধান এবং চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার অন্যতম ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ শুরু করেন তিনি। প্রতিষ্ঠানটির মালিকানায় সাংহাইয়ের একটি সরকারি সংস্থার অংশ ছিল ১০ শতাংশ। কাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের মালিকানা ছিল ২৭ শতাংশ। বাকি ৬৩ শতাংশ শেয়ার ছিল সেঞ্চুরি হুয়াটংয়ের।

২০২২ সালের শুরুতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। চুক্তির আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো এবং কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর চীনের বিভিন্ন অঞ্চলে বড় পরিসরে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ শুরু হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে উহু শহরের প্রকল্পটি ছিল অন্যতম বৃহৎ। প্রায় ৪৫০ কোটি ডলারের এই প্রকল্পে ৪১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আটটি ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। পাশাপাশি স্থাপনের কথা ছিল ২৪ হাজার সার্ভার র্যাক। প্রকল্পটির জন্য চীনা সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এনভিডিয়ার চিপ সংগ্রহে স্ত্রীর ভূমিকা

কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসা যখন চীনে বিস্তৃত হচ্ছিল, তখন এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহে সক্রিয় ছিলেন তাঁর স্ত্রী অ্যালিস হুয়াং। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে এনভিডিয়ার উন্নত চিপের সরবরাহ নিশ্চিত করতে তৎপরতা শুরু করেন অ্যালিস। ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হবে। এর পর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এতে প্রতিষ্ঠানটির চিপ সংগ্রহের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা তৈরি হয়।

বিজ্ঞাপন

একই মাসে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে অ্যালিসের নিবন্ধিত পরিচালকের দায়িত্বের অবসান ঘটে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত ছিল। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং পরের বছর তাইপের কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাঁদের একসঙ্গে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরবর্তী সময়ে চীনে পাঠানো হয়েছিল। তবে সেসব চিপ কাংয়ের ডেটা সেন্টারগুলোতে পৌঁছেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনা সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল—এমন তথ্যও পাওয়া যায়নি।

২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। তিন বছরে বিনিয়োগের অর্থ তিন গুণ করার সম্ভাবনার কথাও তুলে ধরেন তাঁরা। চীনে এনভিডিয়ার চিপ সংগ্রহের সুযোগ রয়েছে বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন।

বিজ্ঞাপন

তদন্তের মুখে মেগাস্পিড, আটক হয়েছিলেন কাং

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড এবং প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয়। পাশাপাশি সিঙ্গাপুরে তাঁর পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন কাং ওয়েই। পরে অবশ্য তিনি মুক্তি পান।

কাং ও অ্যালিসের ব্যবসায়িক তৎপরতা, এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহ এবং চীনের ডেটা সেন্টার খাতে বিপুল বিনিয়োগের বিষয়টি নতুন করে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে মেগাস্পিডের মাধ্যমে সংগৃহীত চিপ কাংয়ের ব্যবসায় ব্যবহৃত হয়েছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD