রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ১৯ আরোহীর

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে আন্তোনভ এএন-১২ মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
বিজ্ঞাপন
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তাদের কারও বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানান, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি আছড়ে পড়ে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এর ফলে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এবং একপর্যায়ে সেটি মাটিতে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে অগ্নিকাণ্ড এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। এতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে দ্রুত নিচের দিকে নেমে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় ফুটেজে দুর্ঘটনার বিস্তারিত দৃশ্য স্পষ্ট হয়নি।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে সেটির সঙ্গে ওই এলাকার স্যাটেলাইট চিত্রের মিল পাওয়া গেছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, রাশিয়ার সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের পরিবহন বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ত্র ও সেনাসদস্য পরিবহনের পাশাপাশি অনুসন্ধান এবং উদ্ধার অভিযানেও এ ধরনের বিমান ব্যবহার করা হয়।








