Logo

১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৬:২৯
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা, ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তার কার্যালয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

বিজ্ঞাপন

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার কার্যালয়। প্রকাশিত শোকবার্তায় তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত একজন প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং খ্যাতিমান শিক্ষক হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

১৯২১ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে ব্যয় করেছেন। তার কাছে শিক্ষা গ্রহণ করা অসংখ্য শিক্ষার্থী পরবর্তী সময়ে ইসলামি বিশ্বের পরিচিত পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত হন।

ইসলামি আইনশাস্ত্রের গবেষণা, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং শিয়া মুসলিমদের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সমুন্নত রাখার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। দীর্ঘদিন ধরে তিনি শিয়া মুসলিম সম্প্রদায়ের একজন প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর তিনি ইরানে ফিরে আসেন। এরপর কোমের বিখ্যাত ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ছিলেন।

তাসনিমের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা তাকে দেখতে হাসপাতালে যান।

তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা, গবেষণা ও চিন্তাজগতে একজন প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্বের দীর্ঘ কর্মময় জীবনের অবসান ঘটল। তার জানাজা, দাফন এবং শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD