Logo

ইতালির পাহাড়ি গুহায় মিলল ২৪ হাজার বছর আগের শত শত ভালুকের কঙ্কাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ২১:৩৪
ইতালির পাহাড়ি গুহায় মিলল ২৪ হাজার বছর আগের শত শত ভালুকের কঙ্কাল
ছবি: সংগৃহীত

ইতালির ডলোমাইটস পর্বতমালার দুর্গম এক গুহায় প্রায় ২৪ হাজার বছর আগের বিলুপ্ত প্রজাতির বিশালাকার গুহা ভালুকের শত শত হাড় ও কঙ্কালের সন্ধান পেয়েছেন এক পর্বতারোহী গাইড। ‘উরসাস ল্যাডিনিকাস’ প্রজাতির এসব ভালুকের দেহাবশেষের সন্ধান বরফ যুগের প্রাণী ও সে সময়ের পরিবেশ সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

ইতালির উত্তরাঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৫০ মিটারের বেশি উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে গুহাটির অবস্থান। ৪১ বছরের অভিজ্ঞ পর্বতারোহী গাইড কার্ট ওয়াল্ডে সাড়ে তিন বছর আগে পাহাড়ের গায়ে একটি কালো দাগ দেখে সেখানে গুহা থাকার সন্দেহ করেন। পরে চলতি বছরের জুলাইয়ে পিঠে ২২ কেজি ওজনের ব্যাগ নিয়ে দড়ির সাহায্যে দুর্গম পথ পেরিয়ে গুহাটির ভেতরে প্রবেশ করেন তিনি।

গুহার ভেতরে হেডল্যাম্পের আলো ফেলতেই চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য হাড়গোড় ও খুলি। একটি টেবিলের মতো উঁচু পাথরের ওপর আলাদাভাবে রাখা একটি হাড় এবং ঘাড়ের হাড়ের সঙ্গে যুক্ত একটি খুলিও দেখতে পান তিনি। নিজের অনুভূতি জানাতে ওয়াল্ডে বলেন, ‘সেটি ছিল দারুণ রোমাঞ্চকর। আমি আমার আবেগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছিলাম।’

নতুন আবিষ্কৃত গুহাটির ঠিক বিপরীত দিকে রয়েছে বিখ্যাত ‘কনটুরিনস গুহা’। ১৯৮৭ সালে ওই গুহা থেকেই প্রথম এই প্রজাতির ভালুকের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। প্রায় ৩ মিটার লম্বা ও ১ হাজার ২০০ কেজি ওজনের এসব বিশালাকার ভালুক মূলত তৃণভোজী ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গুহাটি সুরক্ষায় বিশেষ উদ্যোগ

আবিষ্কারের খবর পাওয়ার পর গুহাটি সংরক্ষণের উদ্যোগ নেয় বলজানো প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ। বিভাগের পরিচালক ক্রিস্টিয়ান টেরজারের নেতৃত্বে নিদর্শনগুলো সুরক্ষিত রাখতে হেলিকপ্টারে করে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গুহার প্রবেশমুখে গেট বসানো হয়। যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নষ্ট করতে না পারে, সে জন্য গুহাটি সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

গুহাটি পরিদর্শন করে টেরজার বলেন, ‘ভেতরে শত শত হাড় রয়েছে। ঠিক কতগুলো ভালুকের কঙ্কাল আছে তা জানি না, তবে সংখ্যাটা অনেক।’

পাথরের ওপর আলাদাভাবে রাখা হাড়গুলোর বিষয়টিও গবেষকদের কৌতূহলী করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় পাথরের ওপর কিছু বিচ্ছিন্ন হাড় রাখা দেখে অবাক হয়েছি। এটি প্রাকৃতিকভাবে হয়েছে নাকি হাজার বছর আগে ভেতরে মানুষের যাতায়াত ছিল, তা আমাদের খুঁজে বের করতে হবে।’

গবেষণায় মিলতে পারে নতুন তথ্য

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদ মার্টিনা প্যাকার মনে করেন, পুরোনো কনটুরিনস গুহার সঙ্গে নতুন আবিষ্কৃত গুহাটির কোনো সংযোগ থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা যদি আরও পূর্ণাঙ্গ কঙ্কাল পাই, তবে এই ভালুকগুলো দেখতে কেমন ছিল এবং এদের পারিবারিক ও সামাজিক আচরণ কেমন ছিল, তা আরও ভালোভাবে বুঝতে পারব।’

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জ্যেষ্ঠ কিউরেটর স্পিরিডুলা পাপ্পাও আবিষ্কারটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তাঁর মতে, দাঁত, কঙ্কাল ও জিনগত উপাদান বিশ্লেষণ করে আল্পস অঞ্চলের বিলুপ্ত এই ভালুক এবং সে সময়কার পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব হবে।

শীত মৌসুমের কারণে আপাতত গুহাটিতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। ২০২৭ সালের জুন থেকে সেখানে আবার আনুষ্ঠানিকভাবে গবেষণা শুরু করবেন বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD