Logo

১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ২০:৪৪
১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ইতালিতে ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে দেশটির সরকার। ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৭টি দেশের নাগরিকদের জন্য এ সুযোগ তৈরি হয়েছে। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য পেশায় এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের এই কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট পদের মধ্যে ৭৬ হাজার ২০০টি অমৌসুমি কাজের জন্য, ৮৯ হাজারটি মৌসুমি কাজের জন্য এবং ৬৫০টি স্বনির্ভর পেশায় নিয়োজিত কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

অমৌসুমি কর্মীদের নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ থাকবে পারিবারিক পরিচর্যা ও কেয়ারগিভার খাতে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, ঘানা, জাপান, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও তিউনিসিয়াসহ ৩৭টি দেশের নাগরিকেরা এই কর্মসূচির আওতায় কাজের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশিদের জন্য আলাদা কোনো কোটা নির্ধারণ করা হয়নি। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্য থেকে নির্ধারিত সামগ্রিক কোটার ভিত্তিতে কর্মী নেওয়া হবে।

ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর থেকে। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনসংক্রান্ত তথ্য পূরণ করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI অনলাইন পোর্টালে।

বিজ্ঞাপন

কর্মী নিয়োগের মূল আবেদন জমা দেওয়ার জন্য চারটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—

- কৃষি খাতের মৌসুমি কর্মী: ১২ জানুয়ারি ২০২৭।

- পর্যটন খাতের মৌসুমি কর্মী: ৯ ফেব্রুয়ারি ২০২৭।

বিজ্ঞাপন

- অমৌসুমি কর্মী: ১৬ ফেব্রুয়ারি ২০২৭।

- পারিবারিক পরিচর্যা বা কেয়ারগিভার: ১৮ ফেব্রুয়ারি ২০২৭।

নির্ধারিত প্রতিটি দিন সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

বিজ্ঞাপন

এই কর্মসূচিতে আবেদন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈধ ইতালীয় নিয়োগকর্তা থাকা। কারণ, কর্মী নিয়োগের মূল আবেদন জমা দেওয়ার দায়িত্ব নিয়োগকর্তার। তাঁকে চাকরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

অভিবাসন বিশেষজ্ঞরা আবেদনপ্রত্যাশীদের নিয়োগকর্তার পরিচয়, প্রতিষ্ঠানের বৈধতা এবং চাকরির প্রস্তাবের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ভুয়া চাকরির প্রস্তাব, ভিসার নিশ্চয়তা দেওয়ার নামে অর্থ দাবি এবং দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছেন।

ডিক্রেতো ফ্লুসি কর্মসূচির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে ইতালি সরকারের।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে আগামী তিন বছরে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ইতালির শ্রমবাজারে কাজের সুযোগ তৈরি হবে। নির্ধারিত শর্ত ও নিয়ম পূরণ করতে পারলে বাংলাদেশি কর্মীরাও এ কর্মসূচির মাধ্যমে দেশটিতে কাজের সুযোগ পেতে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD