শ্রমিক আন্দোলনে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ১২১ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পে। শ্রমিক অসন্তোষের কারণে রবিবার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজ্ঞাপন
সংগঠনটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। এ ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকরের সুযোগ রয়েছে। অন্যদিকে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ জানিয়েছিল, শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা হতে পারে।
এদিকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ওই ধারায় যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাদের কয়েকজন আবার উৎপাদন শুরুর বিষয়টি বিবেচনা করছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও একই ধরনের আশ্বাস দিয়েছেন।
বিজ্ঞাপন
মজুরি বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সোমবার বোর্ডের কাছে তাদের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে, তা প্রকাশ করতে চাননি তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠক শেষে মাহমুদ হাসান খান সাংবাদিকদের জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকেরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা সচল রাখার চেষ্টা করেছেন। তবে উৎপাদন চালানো অসম্ভব হয়ে পড়লে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। এতে দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাতের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর প্রবেশপথে টাঙানো বিজ্ঞপ্তিতে উৎপাদন বন্ধের কারণ হিসেবে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তবে তাদের কেউ কেউ পরবর্তী সময়ে কাজে ফিরে গেছেন।
বিজ্ঞাপন
এদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা বাইরে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।








