জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি মানবিক আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে পরিদর্শনে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের সঙ্গে আলাপকালে নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক উপস্থিত ছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ পরিদর্শনে যোগ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। প্রথম পরামর্শে তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কথা বলেন। নিজেদের শহর, বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের বা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষ্যে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
এর আগে সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ অন্যরা।








