বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট

বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতায় নিজের এবং তুরস্কের সামর্থ্যের সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের মানুষের নেতা হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তাকে নিজের মূল্যবান ভাই উল্লেখ করে বাংলাদেশের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
এরদোয়ানের বক্তব্য তুলে ধরে হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাহিরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো এবং আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হয়।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বহুপক্ষীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দেশের সরকারপ্রধানের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন না। তবে এরদোয়ান অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠকে অংশ নিয়েছেন। সেই তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দুই নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষাপটে এ বৈঠকের গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সহযোগিতা আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় অর্থায়ন এবং ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
সব মিলিয়ে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠনে প্রতিরক্ষা, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে তুরস্কের আগ্রহের কথাও বৈঠকে স্পষ্ট হয়েছে।








