Logo

সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিকের চেয়েও বড় জাহাজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ২১:১৭
সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিকের চেয়েও বড় জাহাজ
ছবি: সংগৃহীত

টাইটানিকের চেয়েও ১০৮ ফুট দীর্ঘ ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসের শেষ ঠিকানা এখন সমুদ্রের তলদেশ। একসময় আটলান্টিক মহাসাগরে গতির রেকর্ড গড়া বিলাসবহুল প্রমোদতরিটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে এটি কেবল একটি পুরোনো জাহাজের বিদায় নয়; সামুদ্রিক প্রাণীদের নতুন আবাসস্থল তৈরির মাধ্যমে জাহাজটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত বুধবার (১১ নভেম্বর) প্রায় পাঁচ ঘণ্টার প্রক্রিয়ায় ধীরে ধীরে সমুদ্রের পানিতে তলিয়ে যায় জাহাজটি। ডোবানোর আগে পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে—এমন উপাদান সরিয়ে ফেলা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শেষ মুহূর্তে একদিকে কাত হয়ে সমুদ্রের তলদেশে স্থির হয় ঐতিহাসিক এই প্রমোদতরি।

একসময় আটলান্টিকের দ্রুততম যাত্রীবাহী জাহাজ

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এসএস ইউনাইটেড স্টেটস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৫২ সালে। প্রথম আটলান্টিক যাত্রাতেই মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়ে জাহাজটি। ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই জাহাজের যাত্রীবাহী জাহাজ হিসেবে গড়া গতির রেকর্ড এখনো অক্ষত রয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনে জাহাজটিতে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, হ্যারি ট্রুম্যান, ডুইট আইজেনহাওয়ার ও বিল ক্লিনটনের মতো ব্যক্তিত্ব। হলিউডের জনপ্রিয় তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মার্লোন ব্র্যান্ডোও ছিলেন এর যাত্রী।

তবে সময়ের সঙ্গে আকাশপথে যাতায়াত জনপ্রিয় হয়ে ওঠায় ১৯৬৯ সালে জাহাজটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন ডুবিয়ে দেওয়া হলো এত বড় জাহাজ?

কার্যক্রম বন্ধ হওয়ার পর দীর্ঘদিন ফিলাডেলফিয়ার বন্দরে পড়ে ছিল এসএস ইউনাইটেড স্টেটস। সময়ের সঙ্গে এর রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়তে থাকায় জাহাজটি সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে এটি কিনে নেয়। এরপর জাহাজটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের পরিকল্পনা করা হয়।

কর্তৃপক্ষের ভাষ্য, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক বছর ধরে প্রস্তুতিমূলক কাজ চালানো হয়েছে। জাহাজটি সমুদ্রের তলদেশে মাছ, প্রবাল ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠবে। পাশাপাশি এটি ডাইভিংপ্রেমী পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জাহাজ সমুদ্রে ডুবিয়ে প্রবালপ্রাচীর তৈরি করা হয় কেন?

পরিত্যক্ত জাহাজ ভাঙার মাধ্যমে লোহা, ইস্পাতসহ বিভিন্ন উপাদান পুনর্ব্যবহার করা সম্ভব। তবে এ প্রক্রিয়ায় শ্রম, পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনার খরচ রয়েছে। অন্যদিকে, পরিবেশগতভাবে উপযুক্ত করে প্রস্তুত করা পরিত্যক্ত জাহাজ, তেল-গ্যাসের প্ল্যাটফর্ম কিংবা কংক্রিটের কাঠামো সমুদ্রের তলদেশে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা যায়।

এসব কাঠামো সামুদ্রিক প্রাণীদের আশ্রয়, খাদ্য সংগ্রহ ও বসবাসের নতুন পরিবেশ তৈরি করতে পারে। তবে সমুদ্রে ডোবানোর আগে জ্বালানি, বিষাক্ত রং ও অন্যান্য ক্ষতিকর উপাদান অপসারণ করা জরুরি, যাতে সামুদ্রিক পরিবেশ দূষিত না হয়।

বিজ্ঞাপন

এসএস ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রেও পরিবেশগত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একসময় বিলাসবহুল সমুদ্রভ্রমণ ও গতির প্রতীক হিসেবে পরিচিত জাহাজটি এবার সামুদ্রিক প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটনের নতুন আকর্ষণ হয়ে ওঠার অপেক্ষায়।

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD