Logo

ফটোশুটের কথা বলে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৯:৫১
ফটোশুটের কথা বলে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
ছবি: সংগৃহীত

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তাঁর বয়স মাত্র ১৯ বছর। ফটোশুটের কথা বলে তাঁকে একটি হোটেলে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বুঝতে পারেন, মডেলিংয়ের প্রস্তাবটি ছিল প্রতারণার ফাঁদ। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিও ধারণে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায়।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন বর্তমানে ২৯ বছর বয়সী মারিয়াহ। ওই ঘটনার মানসিক অভিঘাত বোঝাতে তিনি বলেন, ‘ওই হোটেল কক্ষে আমার মৃত্যু হয়েছিল। আমি তখন জীবন্ত লাশের মতো ছিলাম।’

মারিয়াহর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বেড়ে ওঠার সময় থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। ১৮ বছর বয়সে বিয়ে করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি জিমে কাজ শুরু করেন। আর্থিক সংকটের কারণে নতুন কাজ খুঁজতে গিয়ে ক্রেইগলিস্টে মডেলিংয়ের একটি বিজ্ঞাপন দেখতে পান তিনি।

ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন ছিল মারিয়াহর। তাই বিজ্ঞাপন দেখে আবেদন করেন। পরে এক ব্যক্তি ফোন করে সান দিয়েগোর একটি হিলটন হোটেলে ফটোশুটের প্রস্তাব দেন। কাজটি বৈধ ও নিরাপদ—এমন আশ্বাস দিতে এক নারীর সঙ্গেও কথা বলিয়ে দেওয়া হয় তাঁকে। ওই নারীও কাজটি বৈধ বলে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হোটেলে পৌঁছে প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও একটি কক্ষে নেওয়ার সময় সবকিছু বদলে যায়। সেখানে আগে থেকেই আরেক ব্যক্তি অপেক্ষা করছিলেন। বের হওয়ার পথ আটকে তাঁকে নির্দেশনা মেনে চলতে বলা হয়।

পরিস্থিতি বুঝতে পেরে মারিয়াহ আশঙ্কা করেন, সেখান থেকে বেরিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে জানানো হয়, একটি বিশেষ ভিডিওতে অংশ নিতে হবে, যা শুধু অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

কিন্তু সেই আশ্বাস বাস্তবে রক্ষা করা হয়নি। প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে পর্নোগ্রাফির ভিডিও ধারণে বাধ্য করা হয়। মারিয়াহর বর্ণনায়, ওই সময় নিজের শরীর ও পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি। একের পর এক নির্দেশ পালন করে যাচ্ছিলেন। কাজ শেষে তাঁকে ৪ হাজার ৫০০ ডলার দেওয়া হয়।

ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতজনদের কাছে ভিডিওর লিংক ও স্ক্রিনশট পাঠানো হয়। এতে সামাজিক অপমানের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণার মুখে পড়েন মারিয়াহ। পরিচিতদের অনেকে তাঁকেই ঘটনার জন্য দায়ী করতে থাকেন।

মারিয়াহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের মানুষের কাছ থেকে সহানুভূতির পরিবর্তে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। তাঁর জানা মতে, একই চক্রের শিকার অন্তত ১৫ জন নারী পরবর্তী সময়ে আত্মহত্যা করেছেন অথবা অতিরিক্ত মাদক গ্রহণের কারণে মারা গেছেন।

বিজ্ঞাপন

তবে একসময় জীবনের সেই কঠিন অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মারিয়াহ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁর সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন, ওই পর্নোগ্রাফি নির্মাণকারী চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।

তদন্তের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। ভিডিওতে অংশ নেওয়া নারীদের ওপর নির্যাতনে যুক্ত রুবেন আন্দ্রে গার্সিয়াকে ২০ বছরের এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাটকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে অন্য ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর নিজের অভিজ্ঞতা সম্পর্কে মারিয়াহর উপলব্ধি বদলে যায়। এত দিন তিনি নিজেকেই ঘটনার জন্য দায়ী মনে করতেন। পরে বুঝতে পারেন, তিনি মূলত প্রতারণা ও জবরদস্তির শিকার হয়েছিলেন।

বিজ্ঞাপন

বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া অননুমোদিত ও আপত্তিকর ভিডিও সরানোর উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের জন্য কাজ করছেন।

মারিয়াহর মতে, তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কখনোই কাম্য ছিল না। তবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য নারীদের এমন প্রতারণা ও নির্যাতনের শিকার হওয়া থেকে রক্ষা করতে চান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD