হৃদয় জুড়ানো আজকের পূর্ণিমার চাঁদের নাম ‘হান্টার্স মুন’

আজ ২৬ অক্টোবরের পূর্ণিমার চাঁদ পরিচিত ‘হান্টার্স মুন’ বা শিকারির চাঁদ নামে। উত্তর গোলার্ধে শরৎকালের এই পূর্ণিমার নামের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন মানুষের শিকার, ফসল সংগ্রহ ও শীতের প্রস্তুতির ইতিহাস।
বিজ্ঞাপন
একসময় শরৎকালে ফসল কাটার পর মাঠ ফাঁকা হয়ে যেত, গাছ থেকে ঝরতে শুরু করত পাতা। এতে খোলা জায়গায় বন্য প্রাণীর চলাচল সহজে চোখে পড়ত। শীতের আগে খাদ্য সংগ্রহের জন্য অনেকেই শিকারের ওপর নির্ভর করতেন। পূর্ণিমার উজ্জ্বল আলোয় রাতে শিকার করাও তুলনামূলক সহজ হতো। এসব ঐতিহাসিক কারণ থেকেই ‘হান্টার্স মুন’ নামটির প্রচলন হয়েছে বলে মনে করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে হান্টার্স মুন আলাদা কোনো ধরনের চাঁদ নয়। শরৎ বিষুবের সবচেয়ে কাছের পূর্ণিমাকে বলা হয় ‘হারভেস্ট মুন’ বা ফসলের চাঁদ। এর পরের পূর্ণিমা সাধারণত ‘হান্টার্স মুন’ নামে পরিচিত। তাই প্রতিবছর অক্টোবরেই এই পূর্ণিমা দেখা যাবে, এমন নয়।
বিজ্ঞাপন
দিগন্তের কাছে চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় দেখানোর পেছনে রয়েছে দৃষ্টিবিভ্রম, যা ‘মুন ইলিউশন’ নামে পরিচিত। এ সময় চাঁদের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় নীল আলোর বিচ্ছুরণ বেশি হয়। ফলে চাঁদকে হলুদ, কমলা বা লালচে দেখাতে পারে। তবে এটি হান্টার্স মুনের একক কোনো বৈশিষ্ট্য নয়।
আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা থেকেই পূর্ণিমার চাঁদ উপভোগ করা যায়। ছবি তুলতে চাইলে ফোন স্থির রেখে এক্সপোজার কমিয়ে নিলে চাঁদের পৃষ্ঠের কিছু বিবরণ আরও স্পষ্টভাবে ধরা পড়তে পারে।








