Logo

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ২১:০৮
ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধনীতি বদলাতে এবার কংগ্রেসের ক্ষমতা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্যের পর যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে রিপাবলিকান প্রশাসনের ওপর চাপ বাড়াতে চায় দলটি। এ লক্ষ্যে আইন প্রণয়ন, প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং যুদ্ধের অর্থায়ন নিয়ন্ত্রণ—এই তিনটি পথকে সামনে রাখছেন ডেমোক্র্যাট নেতারা।

বিজ্ঞাপন

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এবং যুদ্ধের সমাপ্তি খুব কাছাকাছি। তবে তাঁর প্রশাসন এখনো ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রেখেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার অবস্থানেও অনড় রয়েছে ওয়াশিংটন। কোনো ধরনের সমঝোতার পরিবর্তে পূর্ণ বিজয় নিশ্চিত করার লক্ষ্যেই এগোচ্ছে হোয়াইট হাউস।

অন্যদিকে, যুদ্ধের বিপুল ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচকে সামনে রেখে সংঘাতের অবসান চায় ডেমোক্র্যাটরা। নির্বাচনে ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার তারা কংগ্রেসের সাংবিধানিক ও আর্থিক ক্ষমতা কাজে লাগাতে চাইছে।আরও পড়ুন

বিজ্ঞাপন

ডেমোক্র্যাটদের পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে কংগ্রেসে আইন পাসের মাধ্যমে যুদ্ধ বন্ধের উদ্যোগ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো প্রয়োগ করলে এ প্রচেষ্টা বাধার মুখে পড়বে। কারণ, প্রেসিডেন্টের ভেটো অকার্যকর করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ফলে আইন প্রণয়নের মাধ্যমে সরাসরি যুদ্ধ বন্ধের উদ্যোগ সহজ হবে না।

বিজ্ঞাপন

দ্বিতীয় কৌশল হিসেবে প্রশাসনের যুদ্ধ পরিচালনা নিয়ে সংসদীয় তদন্ত ও নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যুদ্ধের ব্যয়, সিদ্ধান্ত গ্রহণ এবং সামরিক পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাউসকে জবাবদিহির আওতায় আনতে চায় তারা।

তবে ডেমোক্র্যাটদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে সরকারি বাজেট নিয়ন্ত্রণের ক্ষমতা। মার্কিন রাজনীতিতে ‘পাওয়ার অব দ্য পার্স’ নামে পরিচিত এই ক্ষমতা ব্যবহার করে ইরান যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আটকে দেওয়ার চেষ্টা করতে পারে দলটি। অর্থাৎ, যুদ্ধ বন্ধে সরাসরি সিদ্ধান্ত নিতে না পারলেও এর আর্থিক ভিত্তি দুর্বল করার পথে হাঁটতে পারে তারা।

তবে বাজেটকে কেন্দ্র করে এমন সংঘাতের ঝুঁকিও কম নয়। ট্রাম্প প্রশাসনের সঙ্গে অর্থ বরাদ্দ নিয়ে বিরোধ তীব্র হলে সরকারি কার্যক্রমে অচলাবস্থা তৈরি হতে পারে। এতে সরকারি কর্মচারীদের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, যুদ্ধের অর্থায়ন বাধাগ্রস্ত করার উদ্যোগকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক অবস্থান নিতে পারে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

এদিকে, হরমুজ প্রণালিকে ঘিরে অচলাবস্থা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিশ্চয়তা ইরান যুদ্ধের প্রভাবকে আরও বিস্তৃত করছে। একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নে ট্রাম্প প্রশাসনের অনড় অবস্থান, অন্যদিকে সংঘাত বন্ধে ডেমোক্র্যাটদের কংগ্রেসনির্ভর কৌশল—সব মিলিয়ে ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিরোধের ক্ষেত্র তৈরি হয়েছে। নতুন কংগ্রেসের পূর্ণ কার্যক্রম শুরু হলে এই দ্বন্দ্ব কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সূত্র: দ্য ইকোনমিস্ট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD