Logo

চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে ববসছেন ট্রাম্প, পুতিন ও শি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২
চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে ববসছেন  ট্রাম্প, পুতিন ও শি
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট। বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার সময় তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়েলসের ভাষ্য অনুযায়ী, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে আনা। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে আলোচনা করবেন, যার বিস্তার প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।’

বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এই আলোচনায় ইরান পরিস্থিতিও উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার তালিকায় থাকছে না। মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এপি ও রয়টার্সের বরাতে জানা গেছে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

একুশটি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী অ্যাপেক সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন ট্রাম্প। পরদিন বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর দুই নেতার মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।

অলিভিয়া ওয়েলস জানান, চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তাঁর চীন সফর শেষ করবেন।’

তিনি আরও বলেন, ফিলিপাইনে আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণসহ ট্রাম্পের এই সফর আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে তিন দেশের সম্ভাব্য বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে উঠেছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়। এর ফলে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর বিদ্যমান বিধিনিষেধের অবসান ঘটে। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার দীর্ঘ অধ্যায়েও ছেদ পড়ে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য, চীনকে অন্তর্ভুক্ত করে আগের চুক্তির চেয়ে আরও কার্যকর একটি সমঝোতা করা সম্ভব। চীনও বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে এর আগে বিবিসিকে উদ্বেগের কথা জানিয়েছিলেন সাবেক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্লেষকরা। তাঁদের মতে, নতুন চুক্তিতে বেইজিং ও মস্কোর সম্মতি আদায় করা কঠিন হতে পারে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছরও লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে পৃথকভাবে আতিথেয়তা দিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।

তবে অ্যাপেক সম্মেলন ঘিরে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানানো হয়, সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের আলোচনার প্রস্তুতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ফলে তিন পরাশক্তির শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি, এপি ও রয়টার্স।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD