Logo

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৬
ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে চান। এ ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাম্প।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে হিউইট জানতে চান, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার বিষয়ে ট্রাম্প ভাবছেন কি না। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও ইঙ্গিত দেন তিনি।

মার্কো রুবিওর পারিবারিক শিকড় কিউবায় উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কিউবার জন্য আমাদের একজন অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান ব্যক্তি আছেন, মার্কো। আপনারা জানেন, মার্কোর মা-বাবা কিউবার। আর তিনি নিজেও এটা করতে আগ্রহী।’

কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর ইচ্ছা ট্রাম্প আগেও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন। তবে এবারই প্রথম সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে নিজের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগের সময়সীমার কথা স্পষ্টভাবে উল্লেখ করলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত মার্চে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, কিউবা ‘দখলে নেওয়ার সম্মান’ তাঁর ভাগ্যে জুটতে পারে। পরবর্তী সময়ে কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এরপর কিউবার ওপর তেল অবরোধ আরোপ করে ওয়াশিংটন। এর প্রভাবে দেশটির বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মক সংকটে পড়ে এবং মানবিক পরিস্থিতির অবনতি ঘটে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের এক সপ্তাহ পর ট্রাম্পের নতুন এই বক্তব্য সামনে এসেছে। নির্বাচনে দলটির বিপর্যয়ের পেছনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণে জ্বালানি ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে মার্কিন সরকারের প্রতি জনঅসন্তোষ আরও তীব্র হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ফ্লোরিডায় বসবাসরত যেসব কিউবান-আমেরিকান তাঁকে ভোট দিয়েছেন, তাঁদের জন্যই তিনি কিউবায় সামরিক অভিযান চালাতে আগ্রহী।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, যারা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে খুব খারাপ আচরণের শিকার হয়েছেন, তাদের জন্য আমি এটা করতে পারলে খুশি হব।’

সূত্র: পলিটিকো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD