অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ

কানাডার টরন্টোতে ঘরের বাতাস দূষণের অভিযোগে বাড়ি ছাড়ার নির্দেশ পেয়েছেন এক দম্পতি। বাড়িওয়ালির দাবি, ভাড়াটিয়ারা ঘরের ভেতরে ধূমপান করেন। তবে দম্পতির পাল্টা বক্তব্য, ধূমপান নয়, তাদের শরীরের স্বাভাবিক গ্যাসের কারণেই বাতাসের মান পরিমাপের যন্ত্রে দূষণের মাত্রা বেশি দেখাচ্ছে। অদ্ভুত এই অভিযোগ নিয়ে এখন আইনি লড়াই চলছে।
বিজ্ঞাপন
এস.ই. গ্রুমেট ও স্যাম ক্রুগার নামের ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি শো পরিচালনা করেন। তাদের বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন গত বছরের ডিসেম্বরে বাসায় ‘এয়ারথিংস’ নামের একটি বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করেন। এরপর ঘরের বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের (ভিওসি) মাত্রা কয়েক দফায় বেড়ে যাওয়ার বিষয়টি তার নজরে আসে।
বাড়িওয়ালির সন্দেহ, ঘরের ভেতরে ধূমপানের কারণেই এমনটা হচ্ছে। এ জন্য তিনি বারবার দম্পতিকে ধূমপান না করার নির্দেশ দেন। তবে গ্রুমেট ও ক্রুগার অভিযোগ অস্বীকার করে জানান, তারা ঘরের ভেতরে সিগারেট বা ভ্যাপ ব্যবহার করেন না। কখনো গাঁজা সেবন করলেও তা করেন বাড়ির বাইরে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি পরিষ্কার করতে নিজেদের বাসায় আরেকটি মনিটর স্থাপন করেন তারা। কিন্তু সেটির অ্যালার্মও বারবার বেজে ওঠে। কারণ খুঁজতে এক সপ্তাহের জন্য গ্যাসের চুলা, গরম পানি ও বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখেন দম্পতি। এমনকি জিমে গিয়ে গোসল করেন, মোমবাতি জ্বালানো বন্ধ রাখেন এবং জানালা খোলা রাখেন।
বিজ্ঞাপন
এত সতর্কতার পরও মনিটরে দূষণের মাত্রা বাড়তে দেখা যায়। তাদের পর্যবেক্ষণে, দিনের বেলা ও রাতে মাত্রা বেড়ে গেলেও তারা বাড়ির বাইরে থাকলে তা কমে আসে।
পরে এয়ারথিংসের তথ্য ঘেঁটে দম্পতি জানতে পারেন, মানুষের শ্বাস-প্রশ্বাস, ঘাম ও শরীর থেকে নির্গত বিভিন্ন গ্যাসও সেন্সরের পাঠে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাতে বন্ধ ঘরে এসব উপাদান জমে গেলে মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এয়ারথিংস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাদের সেন্সর নির্দিষ্ট কোনো উপাদান আলাদাভাবে শনাক্ত করতে পারে না। ফলে শুধু এই যন্ত্রের তথ্য দিয়ে কেউ ধূমপান করছেন কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
এসব তথ্য বাড়িওয়ালিকে জানানোর পরও ধূমপানের অভিযোগে নোটিশ দেওয়া অব্যাহত থাকে। এ পরিস্থিতিতে ক্রুগার বলেন, ‘আমি কীভাবে এই নারীকে প্রমাণ করব যে আমি শুধু বায়ু ত্যাগ করছি?’
বিজ্ঞাপন
বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেন ওই দম্পতি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাদের নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি অর্থ, প্রায় ৩ হাজার ৪০০ ডলার জমা পড়ে। তহবিল সংগ্রহের আবেদনে তারা লেখেন, ‘এটি কোনো রসিকতা নয়। আমরা চাইলেও এটা নিয়ে রসিকতা করতে পারছি না।’
গত ২৯ অক্টোবর অন্টারিওর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে উচ্ছেদসংক্রান্ত নোটিশ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৯ জুন বাড়িওয়ালি তানিয়া তাদের একটি নোটিশ দেন। সেখানে নিজের স্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে পুরো বাড়ির দখল নেওয়ার ইচ্ছার কথা জানান তিনি।
অন্যদিকে, থিয়েটারের কাজে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর এই বাড়িটিই ছিল গ্রুমেট ও ক্রুগারের প্রথম দীর্ঘমেয়াদি ঠিকানা। সে কারণে বাড়িটি ছেড়ে যেতে রাজি নন তারা।
বিজ্ঞাপন
শুনানিতে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় থাকা তাদের বন্ধু ও আত্মীয়রাও অনলাইনে যুক্ত হন। গ্রুমেট বলেন, ‘তারা দেখতে চেয়েছিল বায়ু ত্যাগের কারণে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার এই নাটকীয় দৃশ্যটি।’
সূত্র: কমপ্লেক্স








