Logo

পুরুষ চিকিৎসকের কাছে যাওয়া নিষিদ্ধ, সংকটে আফগান নারীরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ২০:৫১
পুরুষ চিকিৎসকের কাছে যাওয়া নিষিদ্ধ, সংকটে আফগান নারীরা
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবানের অলিখিত নির্দেশনার কারণে পুরুষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিতে বাধার মুখে পড়ছেন নারীরা। এতে সাধারণ স্বাস্থ্যসেবা পাওয়াও অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। নারী চিকিৎসকের স্বল্পতার মধ্যে পুরুষ চিকিৎসকদের কাছেও যেতে না পারায় দেশটির নারী রোগীদের দুর্ভোগ বাড়ছে। দ্য গার্ডিয়ান ও জান টাইমসের প্রতিবেদনে এ পরিস্থিতির কথা উঠে এসেছে।

বিজ্ঞাপন

হেরাতের বাসিন্দা ফরিদা (ছদ্মনাম) এর একটি উদাহরণ। তীব্র দাঁতের ব্যথা নিয়ে তিনি একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসা চলার সময় তাঁকে জানানো হয়, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকেরা এখন থেকে নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না। ফলে গত তিন মাস ধরে তাঁর চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ব্যথার কারণে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়াও করতে পারছেন না তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে গিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছেন। নারী রোগীকে চিকিৎসা দিতে দেখা গেলে তাঁদের কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিকিৎসকদের জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতেও কোনো নারী রোগীকে একা চিকিৎসা দেওয়া যাবে না। এ ক্ষেত্রে তাঁর সঙ্গে একজন পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। পাশাপাশি চিকিৎসাসেবার বিভিন্ন কাজে নারী নার্সদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিছু এলাকায় নারী রোগীদের প্রকৃত নাম ধরে ডাকতেও নিষেধ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি প্রেসক্রিপশনে নামের পরিবর্তে শুধু ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়া হচ্ছে।

এদিকে নারী চিকিৎসকের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের চিকিৎসাবিষয়ক পড়াশোনা এবং নতুন নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। ফলে একদিকে পুরুষ চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে নতুন নারী চিকিৎসক তৈরির পথও বন্ধ হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে আফগানিস্তানের বহু নারী প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে নারী চিকিৎসকের অভাব রয়েছে এমন এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া তাঁদের জন্য আরও কঠিন হয়ে উঠছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD