৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও ডা. উজমা খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জনশৃঙ্খলা রক্ষা আইনের (এমপিও) আওতায় জারি করা আটকাদেশ প্রত্যাহারের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের মুক্তি দেওয়া হয়। তবে তাঁদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।
বিজ্ঞাপন
পিটিআইয়ের আইনজীবী তৈমুর মালিক বৃহস্পতিবার তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই বোনের বিরুদ্ধে জারি করা আটকাদেশ ছিল সম্পূর্ণ বেআইনি। একই আইনে আটক অন্য ব্যক্তিদেরও পরবর্তী শুনানির জন্য অপেক্ষা না করিয়ে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
তৈমুর মালিকের ভাষ্য, জেলা প্রশাসকের কাছে তাঁদের আটকের পক্ষে যথেষ্ট যৌক্তিক কারণ ছিল না। আদালতেও এ ধরনের আদেশের পক্ষে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব হতো না। নওরিনের আইনজীবী রানা মুদাসসির উমরও তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগার থেকে বের হওয়ার পর দুই বোন নিরাপদে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, কোনো অভিযোগ বা বিচার ছাড়াই ৫৩ দিন কারাবন্দি থাকার পর হঠাৎ মুক্তি দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন নওরিনের ছেলে ওয়ালি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সত্তরের কোঠায় বয়সি তাঁর মা কারাগারে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে না জানিয়েই তাঁকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছিল।
গত ২৮ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে নওরিনকে লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে ভর্তি করা হয়। ওয়ালি তাঁর খালা আলিমা খান, মামা ইমরান খানসহ আটক অন্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেআইনিভাবে আটকের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভকে কেন্দ্র করে জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগে ইমরান খানের তিন বোনকে আটক করা হয়। ২০ সেপ্টেম্বর আলিমা খান এবং পরদিন ২১ সেপ্টেম্বর উজমা ও নওরিনকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। পরে পাঞ্জাব সরকার তাঁদের আটকাদেশের মেয়াদ আরও ৩০ দিন বাড়ায়।
বিজ্ঞাপন
এরপর থেকেই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তাঁরা। দুই বোন মুক্তি পেলেও আলিমা খান এখনো কোট লাখপত কারাগারে বন্দি রয়েছেন।
সূত্র: ট্রিবিউন








