Logo

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ১৫:৪৩
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক
ছবি: সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে তিন দেশের সামরিক সহযোগিতা আরও জোরদারের পথ তৈরি হয়েছে। এবার সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের বিষয়ে এগোতে চায় আঙ্কারা। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

বিজ্ঞাপন

গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তি অনুমোদনের বিলের পক্ষে ভোট দেন ২৭৯ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি), তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) এবং বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্যরাও প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন।

গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। গত মাসে এটি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে উপস্থাপন করা হয়।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, অংশীদার কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। তবে এতে কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা অঞ্চলকে হুমকি হিসেবে উল্লেখ করা হয়নি। বরং কোনো সদস্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা আক্রান্ত হলে অন্য দুই দেশ প্রয়োজনীয় সহায়তা দেবে বলে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৬টি অনুচ্ছেদে সাজানো চুক্তিটির নির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করা হয়নি। তবে কার্যকর হওয়ার পর প্রথম ১০ বছরের মধ্যে কোনো দেশ এটি থেকে সরে যেতে পারবে না। ১০ বছর পার হলে চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হলে অন্তত তিন মাস আগে অন্য অংশীদারদের লিখিতভাবে জানাতে হবে।

চুক্তি অনুমোদনের পর তুরস্কের সামনে এখন সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে পার্লামেন্টের সম্মতি নেওয়ার বিষয়টি রয়েছে। ইয়েমেনের হুথি বাহিনীর সম্ভাব্য হামলা মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে তুর্কি সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েন করা হলে তাদের ভূমিকা হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। ইয়েমেনে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না তুর্কি বাহিনী।

তবে সেনা পাঠানোর আগে তিন দেশের মধ্যে ‘স্ট্যাটাস অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ (সোফা) নামে পৃথক একটি চুক্তি সম্পন্ন করতে হবে। এই চুক্তিতে বিদেশি সেনাদের আইনি অবস্থান, বিচারিক এখতিয়ার, প্রবেশ ও প্রস্থান, শুল্ক এবং করসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নির্ধারণ করা হবে। ফলে সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েনের উদ্যোগ বাস্তবায়নে এটি হবে গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD