বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদি আরবে এক নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ

সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়ার এক প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী ওই নারীর নাম ইস্তের ওয়ানজা মুথুনি। সন্তানের বাবা মিসরের নাগরিক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ইস্তের। একটি পরিবারের শিশুদের দেখাশোনার দায়িত্বও ছিল তাঁর ওপর। সেখানে কাজ করার সময় মিসরের এক ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কে জড়ান তিনি। একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে ওই ব্যক্তি ইতিমধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর ইস্তেরের গর্ভধারণের বিষয়টি সামনে আসে। এরপর পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে তাঁর সন্তানের বয়স এক বছর।
সন্তানকে নিয়ে একাধিকবার সৌদি আরব ছাড়ার চেষ্টা করেও সফল হননি ইস্তের। প্রতিবারই তাঁকে ফেরত পাঠানো হয়েছে। গত মাসে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আতঙ্কের কথা জানিয়ে তিনি বলেন, “আমি অত্যন্ত ভীত। আমার মনে হয় না চাবুকের আঘাতগুলো সইতে পারব।”
বিজ্ঞাপন
সন্তান জন্ম দেওয়ার পর সৌদির যে পরিবারে তিনি কাজ করতেন, তারা তাঁকে আর কাজে ফিরতে দেয়নি। এতে বাসস্থান ও জীবিকার সংকটে পড়েন তিনি। একপর্যায়ে একটি পেট্রোল স্টেশনে আশ্রয় নেন। সেখানে তাঁর মতো আরও কয়েকজন নারী সন্তানদের নিয়ে অবস্থান করছেন। তাঁদের সবার লক্ষ্য নিজ দেশে ফিরে যাওয়া।
তবে ইস্তেরকে নিয়ে সংবাদ প্রকাশের পর থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হওয়া অথবা নির্ধারিত বেত্রাঘাত কার্যকর না হওয়া পর্যন্ত দেশে ফেরার সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে সাধারণত বাঁশের তৈরি লাঠি দিয়ে বেত্রাঘাত করা হয়। এ শাস্তি কার্যকরের সময় নারীদের বসানো হয় এবং কাপড়ের ওপর দিয়ে আঘাত করা হয়।
বিজ্ঞাপন
সূত্র: নিউইয়র্ক টাইমস








