নেতানিয়াহুর মতো চেহারা, তেহরানে দোকান হারাচ্ছেন ক্রেতা

ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে চরম বিতর্কিত ও সমালোচিত এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। আর সেই নেতানিয়াহুর সাথে চেহারার হুবহু মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে এখন বড় ধরণের বিপাকে পড়তে হচ্ছে।
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। এতে দেখা যায়, বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রির একটি দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন এক ব্যক্তি। তার মুখের গড়ন, চুলের ধরন এবং সামগ্রিক অভিব্যক্তির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ মিল রয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই সাদৃশ্যের কারণে দোকানদারের ওপর ক্ষোভ প্রকাশ করছেন কিছু ইরানি নাগরিক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দোকানটি বর্জনের আহ্বান জানান অনেকে। এর ফলে ওই দোকানে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে যেতে সমস্যায় পড়েছেন দোকানদার।
এদিকে ঘটনাটি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করছেন, আবার কেউ দোকানটির অবস্থান ও ঠিকানা জানার চেষ্টা করছেন।
তবে ঘটনাটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অনিশ্চয়তাও রয়েছে। আরবিভিত্তিক সংবাদমাধ্যমগুলো ঘটনাটিকে বাস্তব বলে উল্লেখ করলেও ভিডিওটির মূল উৎস, ধারণের সময় এবং দোকানদারের প্রকৃত পরিচয় স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বিজ্ঞাপন
সূত্র: আজার নিউজ








