আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। এবার আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে দেশটি। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক প্রতিক্রিয়ার নীতির ভিত্তিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে ইরান।
এ সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘এটি পরিষ্কার যে এই সিদ্ধান্তের ফলে সৃষ্ট সব পরিণতির দায় আর্জেন্টিনার সরকারের ওপরই বর্তাবে।’
তবে আর্জেন্টিনার স্থলবাহিনী বা সেনাবাহিনীকে এ তালিকাভুক্ত করার বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
বিজ্ঞাপন
এর আগে গত এপ্রিলে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আর্জেন্টিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর বুয়েনস আইরেস এ সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আর্জেন্টিনা সরকারের দাবি ছিল, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার কারণে আইআরজিসির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়। ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে অবস্থিত এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বিস্ফোরণে ৮৫ জন নিহত হন। আহত হন আরও কয়েক শ মানুষ।
বিজ্ঞাপন
ইরানের আইআরজিসি দেশটির অন্যতম শক্তিশালী ও সুসংগঠিত সামরিক বাহিনী। শিয়া ধর্মীয় শাসনব্যবস্থার সুরক্ষার পাশাপাশি ইরানের অর্থনীতির একটি বড় অংশের ওপরও এই বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।
তেহরানের সর্বশেষ সিদ্ধান্তের ফলে ইরান ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি








