Logo

মার্কিন শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছে ভারতের পোশাকশিল্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৫:০৩
মার্কিন শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছে ভারতের পোশাকশিল্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাড়তি আমদানি শুল্ক ও বাণিজ্যনীতির অনিশ্চয়তায় রপ্তানিবাজারের কৌশল পাল্টাচ্ছে ভারতের পোশাকশিল্প। দীর্ঘদিন ধরে মার্কিন বাজারের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প গন্তব্য খুঁজছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে তারা।

বিজ্ঞাপন

ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে ওরিয়েন্ট ক্রাফটের একটি পোশাক কারখানায় কাজ করেন শত শত নারী শ্রমিক। যুক্তরাজ্যের জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান নেক্সট ও মার্কস অ্যান্ড স্পেনসারের জন্য সেখানে পোশাক তৈরি করা হয়। একসময় কারখানাটির উৎপাদনের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো। তবে মার্কিন শুল্ক বাড়ানোর পর সেই বাজারে ব্যবসা কমিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির ৭৭ বছর বয়সী প্রতিষ্ঠাতা সুধীর ধিংরা।

গত বছর ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক সর্বোচ্চ ৫০ শতাংশে পৌঁছালে দেশটির পোশাক রপ্তানিকারকেরা বড় ধরনের চাপের মুখে পড়েন। আমেরিকান ঈগল ও গ্যাপের মতো মার্কিন ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশেও এর নেতিবাচক প্রভাব পড়ে।

পরবর্তী সময়ে শুল্কের হার কমলেও এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের বাজারে আগের মতো নির্ভরশীল হতে চান না সুধীর ধিংরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, চুক্তি হলেও সেটি কত দিন কার্যকর থাকবে, তার নিশ্চয়তা কী? মাথার ওপর সব সময় এমন অনিশ্চয়তার খড়্গ ঝুলতে দেখতে চান না তিনি।

ওরিয়েন্ট ক্রাফটের মতো ভারতের আরও অনেক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাজারে ব্যবসা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতিজনিত ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে।

সুধীর ধিংরা জানান, ২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর অনেক মার্কিন ক্রেতা তাদের ক্রয়াদেশ বাতিল করেন। কেউ কেউ পণ্যের দাম কমানোর চাপ দেন। এমনকি আমদানি শুল্কের ২৫ শতাংশ ব্যয়ও সরবরাহকারীদের বহন করতে বলেন। অথচ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফার হার ১০ শতাংশেরও কম।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে ওরিয়েন্ট ক্রাফট যুক্তরাজ্য, ইউরোপ এবং ভারতের অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়ানোর উদ্যোগ নেয়। আগে প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮৪ শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। দেশটিতে এখন প্রতিষ্ঠানটির বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ১৫০ কোটি রুপি।

ইউরোপের বাজারে বাড়ছে ভারতীয় প্রতিষ্ঠানের আগ্রহ

ভারতের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক গোকালদাস এক্সপোর্টসও ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫৩ হাজারের বেশি কর্মী কাজ করেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিবরামকৃষ্ণন গণপতি জানিয়েছেন, ইউরোপের দিকে ঝুঁকে পড়া তাদের কোনো সাময়িক সিদ্ধান্ত নয়। বরং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার অংশ।

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে মোট আয়ের ২৫ থেকে ৩০ শতাংশ ইউরোপের বাজার থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই বাজার থেকে তাদের আয়ের পরিমাণ ১৫ থেকে ১৬ শতাংশ। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসার অংশ ৫০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যানেও রপ্তানিবাজারের এই পরিবর্তনের চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র, তৈরি পোশাক ও গৃহসজ্জার সামগ্রী রপ্তানি ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে এসব পণ্যের রপ্তানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫২০ কোটি ডলারে পৌঁছেছে।

শিল্প খাতের হিসাব বলছে, ভারতের মোট রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ২০২২ সালে ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। চলতি বছরের আগস্টের শেষে তা কমে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪ শতাংশে।

বাণিজ্য চুক্তিতে নতুন সম্ভাবনা দেখছে ভারত

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মার্কিন ক্রেতাদের মূল্যছাড়ের চাপের কারণে ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের মুনাফা কমছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও সংযুক্ত আরব আমিরাতের বাজারকে গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা।

গত জুলাইয়ে কার্যকর হওয়া ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় পোশাক যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের চুক্তি সম্পন্ন হলে ভারতীয় পোশাকের ওপর বর্তমানে আরোপিত ১২ থেকে ১৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

ভারতের পোশাক রপ্তানি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এ সাকথিভেল জানিয়েছেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস তাদের প্রধান লক্ষ্যবাজার।

বিজ্ঞাপন

উৎপাদন ব্যয় কমাতেও নতুন উদ্যোগ

রপ্তানিবাজারে পরিবর্তনের পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে ঝাড়খন্ডের রাঁচি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র হয়ে উঠছে।

একসময় কয়লা ও লৌহ আকরিকের জন্য পরিচিত এই অঞ্চলে সরকারি ভর্তুকি, সহজে জমি পাওয়ার সুবিধা এবং শিক্ষিত ও নির্ভরযোগ্য শ্রমশক্তির কারণে নতুন নতুন পোশাক কারখানা গড়ে উঠছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স রাঁচি ও আশপাশের তিনটি কারখানা পরিদর্শন করে। এসব প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে প্রায় আট হাজার মানুষ কাজ করেন।

গোকালদাস এক্সপোর্টসের পরিচালনা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সিংয়ের ভাষ্য, ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় রাঁচিতে তাদের উৎপাদন দক্ষতা অন্তত ১০ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির সেখানে বর্তমানে দুটি কারখানা রয়েছে। আরও একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে তারা। নতুন কারখানায় সর্বোচ্চ ৪ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

রাঁচিভিত্তিক প্রতিষ্ঠান অবার্ন ডিজাইনের কর্মকর্তা বীরেন্দ্র রাওয়াতও একক বাজারের ওপর নির্ভরশীল না থাকার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, কোনো একটি বাজার, পণ্য কিংবা ক্রেতার ওপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।

প্রতিষ্ঠানটি ভারতের স্থানীয় লাইসেন্সধারী সংস্থা পেজ ইন্ডাস্ট্রিজের জন্য জকি ব্র্যান্ডের অন্তর্বাস ও পোশাক তৈরি করে। প্রতি মাসে তাদের উৎপাদনের পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ পোশাক। এসব পণ্য ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে বিক্রি হয়।

অভ্যন্তরীণ বাজারেও বড় সম্ভাবনা

বিজ্ঞাপন

রপ্তানিবাজারে অনিশ্চয়তা বাড়লেও ভারতের নিজস্ব পোশাকের বাজার ব্যবসায়ীদের জন্য বড় আশ্রয় হয়ে উঠছে। দেশটির অভ্যন্তরীণ পোশাকবাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি ডলার। প্রতিবছর এ বাজার ৭ থেকে ৮ শতাংশ হারে সম্প্রসারিত হচ্ছে।

ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদার ওঠানামা কিংবা শুল্কসংক্রান্ত জটিলতার মধ্যেও দেশীয় ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে তুলনামূলক স্থিতিশীল আয় ধরে রাখার সুযোগ পাচ্ছেন প্রস্তুতকারকেরা।

ভারতের বস্ত্রশিল্পের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল রপ্তানিকারকদের জন্য বাজার বহুমুখীকরণ এখন দীর্ঘমেয়াদি কৌশলে পরিণত হচ্ছে।

তবে ব্যবসায়ীরা মনে করেন, যুক্তরাষ্ট্রের বিশাল ক্রেতাবাজার এবং দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কারণে দেশটির বাজার পুরোপুরি ছেড়ে দেওয়া বাস্তবসম্মত নয়। কিন্তু সাম্প্রতিক শুল্কসংক্রান্ত অস্থিরতার পর আগের মতো এককভাবে মার্কিন বাজারের ওপর নির্ভরশীল হওয়ার প্রবণতা আর ফিরে আসার সম্ভাবনা কম।

সুধীর ধিংরার বক্তব্যেও সেই বাস্তবতা স্পষ্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজার এখনো গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের ভবিষ্যৎ কোনো একটি দেশের বাজারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া যায় না।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD