Logo

ইসরায়েল বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬, ১৮:২৬
ইসরায়েল বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকা নিয়ে যুক্তরাজ্যের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলা এবং বিপুলসংখ্যক ফিলিস্তিনির প্রাণহানির পর দেশটি সম্পর্কে ব্রিটিশদের নেতিবাচক মনোভাব আরও স্পষ্ট হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৭৮ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করেন। একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন যুক্তরাষ্ট্রের বিষয়ে ৭৪ শতাংশ ব্রিটিশ।

বিজ্ঞাপন

ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) সাম্প্রতিক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি মনে করতেন যুক্তরাজ্যের ৪৮ শতাংশ মানুষ। বর্তমানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে। অর্থাৎ দেশটির প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে প্রায় চারজনই ইসরায়েলকে বৈশ্বিক শান্তির জন্য ঝুঁকি হিসেবে দেখছেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রায় আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পরপরই জরিপটি পরিচালনা করা হয়। এর আগে গত জুলাইয়ে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপেও ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের নেতিবাচক অবস্থানের চিত্র উঠে এসেছিল। ওই জরিপে মাত্র ১৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত কয়েক বছরে ইসরায়েল সম্পর্কে যুক্তরাজ্যের নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২৪ সালের শরৎকালে, গাজায় ইসরায়েলের অভিযান শুরুর প্রায় এক বছর পর, ৭৩ শতাংশ ব্রিটিশ দেশটিকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি বলে মনে করতেন। সাম্প্রতিক জরিপে এই হার আরও পাঁচ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ হাজারেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার ফিলিস্তিনি।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ব্রিটিশদের মনোভাবের অবনতি হয়েছে বলে জরিপে উঠে এসেছে। বর্তমানে দেশটির ৭৪ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন। ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বোমা হামলার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা বাড়াতে ভূমিকা রেখেছে।

জরিপে অন্যান্য দেশের বিষয়েও ব্রিটিশদের মূল্যায়ন তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, রাশিয়াকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন ৮৯ শতাংশ উত্তরদাতা। চীনের ক্ষেত্রে এই হার ৬২ শতাংশ। অন্যদিকে, ইরানকে একই ধরনের হুমকি হিসেবে দেখছেন যুক্তরাজ্যের ৭৫ শতাংশ মানুষ। গত বছরের বসন্তে এই হার ছিল ৬৭ শতাংশ।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত দীর্ঘমেয়াদি ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস সার্ভে’র তথ্যের ভিত্তিতে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৯৮৩ সাল থেকে প্রতিবছর এই জরিপ পরিচালনা করে আসছে ন্যাটসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD