‘বাহুবলী’ নেতার মেয়ের বিয়েতে চার লাখ অতিথির আমন্ত্রণ

মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথিকে আমন্ত্রণ জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের বিহারের প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। ‘বাহুবলী’ হিসেবে পরিচিত এই নেতার মেয়ের বিয়েকে কেন্দ্র করে চলছে বিশাল আয়োজন। অতিথিদের আপ্যায়ন, অনুষ্ঠানস্থল সাজানো থেকে শুরু করে বর-কনের মঞ্চ নির্মাণ—সবকিছুতেই থাকছে বড় পরিসরের প্রস্তুতি।
বিজ্ঞাপন
আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। পাটনা জেলার মোকামা এলাকার লাদমা গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতে হবে বিয়ের মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রায় চার লাখ মানুষের খাবার ও আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ নির্মাণের দায়িত্ব পেয়েছেন উত্তর প্রদেশের মউ জেলা থেকে আসা কারিগরেরা। আগামী ২০ নভেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভিভিআইপি অতিথিদের জন্য থাকছে পৃথক প্যান্ডেল। বর-কনের বসার জন্য তৈরি হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ। মঞ্চটির সাজসজ্জায় ব্যবহার করা হবে ১৫ টন অলংকার। বিয়ের দিন সেখানেই বসবেন শিবাঙ্গী ও ঋষিকেশ।
বিয়ের পর বরপক্ষের সঙ্গে বিহতার রামকৃষ্ণ নগরে নতুন বাড়িতে উঠবেন শিবাঙ্গী। সেখানে বিয়ের পরবর্তী বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে মূল বিয়ের আয়োজন হবে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায়।
বার্তা সংস্থা এএনআইকে অনন্ত সিং জানিয়েছেন, বিয়েতে বিহারের বাইরেও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা আসবেন। এমনকি পাকিস্তান থেকেও অতিথি আসার কথা রয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষমতাসীন দল ও বিরোধী শিবিরের রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন শিল্পীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন

তবে মেয়ের বিয়ের আয়োজন শেষ হওয়ার মাত্র ছয় দিন পরই আইনি জটিলতার মুখে পড়তে পারেন অনন্ত সিং। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
এর আগে গত বছরের অক্টোবরে হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অনন্ত সিং। চলতি বছরের মার্চে জামিনে মুক্তি পান তিনি। পরে সুপ্রিম কোর্ট তাকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সম্প্রতি সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য নয়জনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন অনন্ত সিং। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি দাবি করেন, লালুপ্রসাদ যাদবের সরকারের আমলে তার নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং তাকেও গুলি করা হয়েছিল। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাদের ওপর হামলা হয়েছিল—এ কথাই বোঝাতে চেয়েছিলেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে অনন্ত সিংয়ের ওই বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি








