Logo

কারাগারে কুরআন পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ২০:৪৪
কারাগারে কুরআন পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কাটছে ধর্মীয় ও দার্শনিক বই পড়ে। কুরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার পাশাপাশি আধ্যাত্মিকতা নিয়ে আগ্রহ থেকে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং মাদুরোর বন্দিজীবন সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর আগ্রহ আগে থেকেই ছিল। তবে কারাগারে যাওয়ার পর ধর্মীয় বিষয়ে তার মনোযোগ আরও বেড়েছে। কারারক্ষী ও কারাগারের চ্যাপলেইনদের সঙ্গেও বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি।

নিজের ইহুদি বংশপরিচয় নিয়েও অতীতে প্রকাশ্যে কথা বলেছেন মাদুরো। তার দাবি, পূর্বপুরুষেরা ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। যদিও তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহের কথা জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজনৈতিক কর্মকাণ্ডেও ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন মাদুরো। ভেনেজুয়েলার ক্রমবর্ধমান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন তিনি। একসময় একজন ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গেও তার ঘনিষ্ঠতা তৈরি হয়।

এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন বলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন মাদুরো। প্রায় ১ হাজার ৩০০ বন্দির ধারণক্ষমতাসম্পন্ন এই কারাগারের যে অংশে তাকে রাখা হয়েছে, সেখানে এর আগে আলোচিত ক্রিপ্টো উদ্যোক্তা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি মানজিওনের মতো বন্দিরাও ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারে সহযোগিতাসহ একাধিক অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আগামী বছর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। একই অভিযোগে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD