Logo

মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসান আর নেই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১৬:৪৩
মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসান আর নেই
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে তাবলিগের দাওয়াত ও দ্বীনি মেহনতের সঙ্গে যুক্ত আলেম-উলামা, মুরব্বি ও অনুসারীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শেখ গাসসান ছিলেন মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘদিন তিনি হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) এবং হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর সান্নিধ্যে থেকে তাদের খেদমত করেছেন। একই সঙ্গে দ্বীনের দাওয়াত ও তাবলিগের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষার জন্য শেখ গাসসান ও শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে পড়াশোনার সময় তারা তাবলিগের কাজে যুক্ত হন। ছাত্রজীবন থেকেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তারা।

পরবর্তী সময়ে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন। আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। এসব মহলে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনায়ও তিনি ভূমিকা রাখতেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর শেখ গাসসান ও তার সহযোগীরা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।

২০১৬ সালে পবিত্র হজের সময় তাবলিগের দুই পক্ষের বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় বসার আহ্বান জানানো হয় বলে জানা গেছে। একইভাবে হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.) দুই পক্ষকে একত্র করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাবলিগের কাজে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের বিষয়েও মাওলানা সাদ সম্মতি দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.) শেখ গাসসান ও শেখ ফাদিলকে ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে পাঠান। সেখানে মাওলানা সাদের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসন ও ভুলত্রুটি সংশোধনের বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন তারা। তবে দিল্লিতে যাওয়ার পর বিভিন্ন নিরাপত্তাজনিত ও অন্যান্য জটিলতার মুখে পড়েন। একপর্যায়ে পরিস্থিতির কারণে ভারত ছেড়ে চলে আসেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে তিনি বাংলাদেশে আসতেন। এ সময় দেশের তাবলিগের মুরব্বি ও সাথিদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো।

২০২০ সালে করোনা মহামারির সময় শেখ গাসসান ও শেখ ফাদিল একসঙ্গে ইন্দোনেশিয়া সফরে ছিলেন। ওই সফরেই করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ইন্তেকাল করেন শেখ ফাদিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শেখ গাসসানের মৃত্যুতে তাবলিগের দাওয়াত ও দ্বীনি মেহনতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একজন অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে হারালেন। প্রকাশিত এক শোকবার্তায় তাকে আল্লাহর পথে নিবেদিতপ্রাণ দাঈ, মাশায়েখদের স্নেহধন্য এবং দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে স্মরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শোকবার্তায় মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD