তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত ৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় অবকাশযাপন শহর ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইজমিরের গভর্নরের কার্যালয় প্রথমে তিনজন নিহত, ১৪ জন আহত এবং ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার তথ্য জানিয়েছিল। পরে উদ্ধার ও চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে আহত একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া দুজন রয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগায় অবস্থিত হাবাশ দেমির চেলিক কারখানার একটি উঁচু স্থাপনায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় কারখানার ওপরের আকাশে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিস্ফোরণের সময় কারখানার কাছ দিয়ে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী দেনিজ উলকে। তাঁর ভাষ্য, বিস্ফোরণের শব্দে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, “মনে হচ্ছিল আমাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। রাস্তার ওপারে কারখানার দিকে তাকাতেই দেখি সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। যে স্থানে চিমনিটি ছিল সেখানে আগুন ধরে যায়।”
বিজ্ঞাপন
কারখানাটির ট্রাকচালক তুরান ইলবে বলেন, বিস্ফোরণের শব্দ বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বিশাল শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটে।
ইজমিরের মেয়র জেমিল তুগে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো ভেঙে পড়া চুল্লি ও ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণে হতাহত ব্যক্তিরা সবাই কারখানার শ্রমিক ছিলেন।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি।








