Logo

মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, ২ গুলি খেয়েও বেঁচে গেল কুকুর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১৮:৩১
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, ২ গুলি খেয়েও বেঁচে গেল কুকুর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে হামলাকারীর হাত থেকে মালিককে রক্ষা করতে গিয়ে দুইবার গুলিবিদ্ধ হয়েছিল জুডাহ নামের একটি কুকুর। দুই বছর আগের সেই ভয়াবহ ঘটনায় প্রাণে বেঁচে গেলেও শরীরে রয়ে যাওয়া গুলির টুকরো এখন তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকেরা জানিয়েছেন, জুডাহর অস্ত্রোপচার প্রয়োজন। প্রিয় কুকুরটির চিকিৎসার খরচ জোগাতে মানুষের কাছে সহায়তা চেয়েছেন তার মালিক লরেন উইগিনস।

রবিবার (৮ নভেম্বর) কেআইআরও ও সিএনএন নিউজসোর্সের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লরেনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি তাঁর সাবেক সঙ্গীর সঙ্গে বসবাস করতেন। সম্পর্কের অবনতি হলে পরিবারের সহায়তায় সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিজের জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার প্রস্তুতির সময় তাঁর সাবেক সঙ্গী আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

লরেন জানান, হামলায় তাঁর ডান পায়ে দুটি গুলি লাগে। এতে হাঁটুর নিচের অংশ অবশ হয়ে যায়। ওই সংকটময় মুহূর্তে মালিককে বাঁচাতে এগিয়ে আসে পোষা কুকুর জুডাহ। হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়লে কুকুরটির মাথা ও কাঁধে দুটি গুলি লাগে।

গুলিবিদ্ধ জুডাহকে মাটিতে পড়ে থাকতে দেখে লরেন ভেবেছিলেন, তাঁর প্রিয় কুকুরটি হয়তো আর বাঁচবে না। সাহায্যের জন্য ছুটে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানতে পারেন, জুডাহ তখনো জীবিত রয়েছে।

বিজ্ঞাপন

লরেন বলেন, জুডাহ শুধু তাঁর পোষা কুকুর নয়, সবচেয়ে কাছের বন্ধু এবং সব সময়ের সঙ্গী। কুকুরটি নিজের জীবন বিপন্ন করে তাঁকে রক্ষা করেছিল।

ঘটনার পর পশুচিকিৎসকেরা জুডাহর শরীরে থাকা গুলির টুকরোগুলো অপসারণ না করার সিদ্ধান্ত নেন। সে সময় অস্ত্রোপচার করে সেগুলো বের করার চেয়ে শরীরের ভেতরে রেখে দেওয়াকে তুলনামূলক নিরাপদ মনে করেছিলেন তাঁরা। এরপর প্রায় দুই বছর মোটামুটি সুস্থই ছিল জুডাহ।

তবে চলতি বছরের গ্রীষ্মে পরিস্থিতির পরিবর্তন ঘটে। লরেন লক্ষ করেন, জুডাহর মাথার মাঝখানের অংশ ফুলে উঠছে এবং সেখানে শক্ত একটি গুটি তৈরি হয়েছে। পরে পশুচিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায়, শরীরের ভেতরে থাকা গুলির টুকরোগুলো স্থান পরিবর্তন করছে। চিকিৎসকদের আশঙ্কা, এগুলো একসময় জুডাহর চোখের দিকেও চলে যেতে পারে। এ কারণে অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে। চিকিৎসার সম্ভাব্য সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ডলার।

বিজ্ঞাপন

লরেন জানান, নিজের জীবন বাঁচাতে গিয়ে জুডাহকে এতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে—এ কথা ভেবে তিনি অপরাধবোধে ভোগেন। চিকিৎসার পুরো ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। এ জন্য গোফান্ডমিতে একটি তহবিল চালু করেন তিনি। সেখানে মানুষের সাড়া তাঁর প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তহবিলটিতে ৪১ হাজার ডলারের বেশি অর্থ জমা হয়েছিল।

লরেনের ভাষ্য অনুযায়ী, হামলার পর আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করেও তিনি সফল হননি। এমন পরিস্থিতিতে অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া সহায়তা তাঁকে আবেগাপ্লুত করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD