Logo

হরমুজ প্রণালিতে মৃত্যুর ঝুঁকি, প্রাণ হারাচ্ছেন নিরপরাধ নাবিকেরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ২০:২৪
হরমুজ প্রণালিতে মৃত্যুর ঝুঁকি, প্রাণ হারাচ্ছেন নিরপরাধ নাবিকেরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সমুদ্রপথেও। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। একের পর এক হামলার শিকার হচ্ছে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজ। এসব নৌযানে কর্মরত নাবিকদের অনেকেরই যুদ্ধের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তারপরও প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য বলছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। অন্যদিকে, ৬ নভেম্বর পর্যন্ত হালনাগাদ করা আইএমওর তালিকায় হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ১৩০টি নিশ্চিত ঘটনার তথ্য পাওয়া গেছে।

কেন বিপজ্জনক হয়ে উঠেছে হরমুজ প্রণালি

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। অনুমতি ছাড়া কোনো নৌযান চলাচলের চেষ্টা করলে হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়। একই সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

•

বিজ্ঞাপন

•

এর ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বিস্ফোরক ও নৌমাইনের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জাহাজ। কোনো নৌযানে আগুন ধরে যাচ্ছে, আবার কোনোটি ডুবে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ওই মাসে অন্তত ৩১টি জাহাজ হামলার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, অনুমোদনহীন পথে চলাচলের কারণে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

যুদ্ধে প্রাণ হারাচ্ছেন বিভিন্ন দেশের নাবিকেরা

হরমুজ প্রণালিতে হামলার শিকার ব্যক্তিদের বড় অংশই বেসামরিক বাণিজ্যিক নাবিক। তেলবাহী ট্যাংকার, পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক নৌযানে কাজ করেন তারা। তাদের অনেকে যুদ্ধরত কোনো দেশের নাগরিকও নন। ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাবিকেরা এই সংঘাতের নির্মম শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি বিপর্যস্ত ভারতীয় নাবিকেরা। এখন পর্যন্ত দেশটির অন্তত ১৬ জন নাবিক নিহত হয়েছেন।

গত জুনে ওমানের কাছে একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছিল।

সর্বশেষ গত মঙ্গলবার ওমান উপকূলের কাছে এমএসভি আল জুসুফি নামের একটি পণ্যবাহী জাহাজে হামলায় ভারতের গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিম আজিজ নিহত হন। ওই জাহাজ থেকে আরও ১৩ ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গত অক্টোবরে ওমানের কাছে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘অন পিস’-এ হামলায় আহত হন ১২ জন নাবিক। তাদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতীয়দের পাশাপাশি অন্য দেশের নাবিকেরাও প্রাণ হারিয়েছেন। গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালির কাছাকাছি সৌদি আরবের তেলবাহী জাহাজ ‘সিদর’-এ হামলায় ফিলিপাইনের দুই নাবিক নিহত হন।

যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের নিজস্ব সামুদ্রিক কর্মীদের ওপরও। দেশটির বণিক নাবিক ইউনিয়নের প্রধানের দাবি, সংঘাত শুরুর পর থেকে অন্তত ৪৪ জন ইরানি নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

বিজ্ঞাপন

সাগরে আটকা ছয় হাজার নাবিক, বাড়ছে মানসিক বিপর্যয়

প্রাণহানি ও শারীরিক ক্ষতির পাশাপাশি দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকার কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে।

আইএমওর তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় প্রায় ছয় হাজার নাবিক আটকে ছিলেন। তাদের বহনকারী প্রায় ৪০০টি জাহাজ নিরাপদে উপসাগরীয় এলাকা ছাড়তে পারছিল না।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা নাবিকদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়িয়ে তুলছে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিংয়ের (আইসিএস) এক মুখপাত্র বলেন, পুরো যুদ্ধকালীন সময়জুড়ে নাবিকদের বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অথচ তারা কেবল নিজেদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নাবিকদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়াতে জাহাজমালিকেরা কাজ করছেন।

বিপজ্জনক এলাকায় যেতে অস্বীকৃতি জানাতে পারবেন নাবিকেরা

নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গত মার্চে সামুদ্রিক শ্রমিক ইউনিয়ন ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। ইন্টারন্যাশনাল বারগেইনিং ফোরামের আওতায় হওয়া এই চুক্তিতে বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকায় যেতে অস্বীকৃতি জানানোর অধিকার দেওয়া হয়েছে নাবিকদের।

এমন পরিস্থিতিতে কোনো নাবিক ওই এলাকায় যেতে না চাইলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। পাশাপাশি দুই মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার সুযোগও রয়েছে।

আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) তথ্য অনুযায়ী, এই সমঝোতায় নাবিকদের অতিরিক্ত বেতন এবং হামলায় নিহত কিংবা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে প্রচলিত ক্ষতিপূরণের দ্বিগুণ দেওয়ার বিধানও রয়েছে।

তবে এসব সুযোগ-সুবিধা সব নাবিকের জন্য প্রযোজ্য নয়। ফলে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং সংঘাতপূর্ণ সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত ঝুঁকি মূল্যায়ন এবং সামুদ্রিক নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে।

নাবিকদের নিরাপত্তায় আন্তর্জাতিক আইন কী বলছে

যুদ্ধ চললেও বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইনে বিভিন্ন বিধান রয়েছে।

জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত প্রণালিতে জাহাজ ও উড়োজাহাজের অবাধ ট্রানজিট চলাচলের অধিকার রয়েছে। কোনো রাষ্ট্র ইচ্ছামতো এই অধিকার স্থগিত করতে পারে না।

এ ছাড়া সনদের ১৭ নম্বর অনুচ্ছেদে অন্য দেশের আঞ্চলিক জলসীমা দিয়ে বিদেশি জাহাজের নির্দোষ চলাচলের অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে।

আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে গত জুনে উদ্যোগ নিয়েছিল আইএমও। তবে নিরাপদ নৌপথ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় বারবার বাধার মুখে পড়ে সেই প্রচেষ্টা।

আরও পড়ুন

লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম সেন্টারের প্রধান আবদুল খালিক বলেন, নাবিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন রয়েছে। কিন্তু এসব আইন কার্যকর করার জায়গাটিই সবচেয়ে দুর্বল।

তার ভাষায়, আইনগত বাধ্যবাধকতা স্পষ্ট। সমস্যা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবে তা কার্যকর করার ক্ষেত্রে।

সব মিলিয়ে হরমুজ প্রণালির সংঘাত এখন শুধু জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যের সংকট তৈরি করেনি, বিপন্ন করে তুলেছে হাজারো নিরপরাধ নাবিকের জীবনও। যুদ্ধের সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও প্রতিদিন মৃত্যুর আশঙ্কা নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD