হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে আগুন: আইআরজিসি

হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে নিজেদের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট দুটি মার্কিন ড্রোন অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বাহিনীটি।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইরানের প্রতি ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব অব্যাহত থাকবে।
অন্যদিকে, ইরানে সামরিক অভিযান চালানোর কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই ওই সামরিক অভিযান প্রয়োজন ছিল বলে দাবি করেছেন তিনি।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালার আরও অভ্যন্তরে অগ্রসর হচ্ছে তারা। এর আগে ওই এলাকার গুরুত্বপূর্ণ উঁচু স্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল বাহিনীটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে তার জবাব আরও ব্যাপক পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মোজতবা খামেনি। মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রশংসা করে তিনি আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে।
ইরানের জাতীয় অহংকারের বিরুদ্ধে লড়াই দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব মন্তব্য করেন তিনি। ওই বার্তায় খামেনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই পরিচালিত হয়েছে।
সূত্র: আল-জাজিরা








