হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে বিস্ফোরণ, ড্রোনও ভূপাতিত

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
আইআরজিসি জানায়, জাহাজ তিনটি প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রেখেছিল। ইরানের অনুমতি ছাড়া চলাচলের সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। এরপর প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিরুদ্ধে তেহরান বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।
এদিকে, ইরানের উপকূলীয় শহর বন্দর খামিরের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর খামিরের উপকূলীয় এলাকায় দুটি ‘লুকাস’ ড্রোন গুলি করে নামিয়েছে আইআরজিসি।
বিজ্ঞাপন
এর আগে গত রাতে হরমুজ প্রণালিতেও একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল বাহিনীর নৌবাহিনী। তবে ভূপাতিত ড্রোনগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা








