Logo

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধী দলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৯:৫৫
নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধী দলের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে জাতীয় জরুরি সরকার গঠনের অঙ্গীকার করেছেন দেশটির বিরোধী দলের নেতারা। এ লক্ষ্যে অবিলম্বে জোট আলোচনা শুরু এবং নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথের আগে সংসদীয় কৌশল সমন্বয়ে একমত হয়েছেন তারা। তবে আরব দলগুলোকে জোটের বাইরে রেখে কীভাবে সরকার গঠন করা সম্ভব, সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো পরিকল্পনা দিতে পারেননি বিরোধী নেতারা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে অংশ নেন ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট, বি'ইয়াচাদ দলের চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান।

বিবৃতিতে নেতানিয়াহুর সরকারকে দ্রুত সরিয়ে জাতীয় জরুরি সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নেতারা। এ ক্ষেত্রে আইজেনকটের প্রস্তাব করা চারটি নীতির কথা তুলে ধরা হয়। সেগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধের প্রতি অঙ্গীকার, সবার জন্য বাধ্যতামূলক সামরিক বা জাতীয় সেবা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটানো।

যৌথ বিবৃতিতে বলা হয়, দলীয় নেতারা ঐক্যবদ্ধ। ৭ অক্টোবরের পর গঠিত সরকারকে সরিয়ে জাতীয় জরুরি সরকার প্রতিষ্ঠা এবং নেসেটে স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে তারা অবিলম্বে পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে বিরোধী দলগুলোর আসনসংখ্যা ৪৮। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব দল দুটি সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনে বিরোধীদের ওই দুই দলের সমর্থন প্রয়োজন হতে পারে। কিন্তু বিরোধী দলগুলোর অধিকাংশই আরব দলগুলোকে জোটসঙ্গী করতে রাজি নয়। এ কারণে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বৈঠকে বিরোধী নেতারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের প্রথম দায়িত্ব গাদি আইজেনকটকে দেওয়ার বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জোট চুক্তি ও নীতিগত কর্মসূচির খসড়া তৈরির কাজ দ্রুত শুরু করতে আলোচক দলগুলোকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

নেতানিয়াহু ও তার দল লিকুদ নির্বাচনের ফলাফল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ‘বিপজ্জনক ও নিয়ন্ত্রণহীন প্রচার’ চালাচ্ছে বলেও যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন বিরোধী নেতারা।

বিজ্ঞাপন

বৈঠকের পর সাবেক প্রধানমন্ত্রী ও বি'ইয়াচাদ দলের নেতা নাফতালি বেনেট গাদি আইজেনকটের প্রতি তার দলের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বেনেট বলেন, যত দ্রুত সম্ভব গাদি আইজেনকটকে সরকার গঠনে সহায়তা করতে বি'ইয়াচাদ দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে। সময় নষ্ট করার সুযোগ নেই। আমাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD