জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব পাকিস্তানের

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। সংকটের প্রভাব সামাল দিতে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এর প্রভাব এবং সরবরাহ সংকট মোকাবিলায় দুই দেশের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তায় অর্থনীতির ওপর তৈরি হওয়া চাপ কমানোর উপায় নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির প্রতিকূলতার মধ্যেও জ্বালানি সরবরাহ সচল রাখতে তাঁর দেশের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন। সংকটের প্রভাব মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিতে নির্দিষ্ট খাতে জ্বালানি ভর্তুকি দেওয়ার বিষয়টিও বাংলাদেশের অর্থ উপদেষ্টাকে জানান তিনি।
বিজ্ঞাপন
অন্যদিকে বাংলাদেশের জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ এবং নতুন করে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমান সংকট জাতীয় নীতিনির্ধারণে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও স্পষ্ট করেছে। দেশের জ্বালানি পরিকল্পনায় তাই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি কমাতে জ্বালানির উৎস ও সরবরাহের পথ বহুমুখী করার ওপরও জোর দেন তিনি।
ইরানকে ঘিরে চলমান সংঘাত কমাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। তাঁর মতে, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির বাজারে সংকটের প্রভাব পড়ছে। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সংঘাত প্রশমিত করা জরুরি।
বিজ্ঞাপন
কঠিন পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চালান নিশ্চিত করতে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বর্তমান পরিস্থিতিকে নজিরবিহীন জ্বালানি সংকট হিসেবে উল্লেখ করেন। এ ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি সংকট মোকাবিলা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা এবং শিক্ষা ভাগাভাগি করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আলী পারভেজ মালিক।
বিজ্ঞাপন
ভবিষ্যতে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় যেকোনো বিঘ্ন মোকাবিলা এবং জ্বালানি খাতে সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: জিও নিউজ








