Logo

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৫:৪৪
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেট
ছবি: সংগৃহীত

ইসরায়েলি পর্যটকদের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের জেরে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসা ও সংস্কৃতির ওপর ইসরায়েলি নাগরিকদের প্রভাব নিয়ে অভিযোগ তুলেছেন প্রতিবাদকারীরা। একই সঙ্গে দেশটিতে ইসরায়েলি নাগরিকদের অন-অ্যারাইভাল পর্যটন ভিসার মেয়াদ এক মাস থেকে কমিয়ে ১৪ দিন করার দাবি জানিয়েছেন বিক্ষোভের এক নেতা।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফুকেট দ্বীপে আয়োজিত ‘নো ইসরায়েল- সেভ ফুকেট’ লেখা ব্যানারসহ একটি সমাবেশে থাই মিডিয়া মোগল এবং ‘ইয়েলো শার্ট’ বিক্ষোভের নেতা সোধি লিমথংকুল অভিযোগ করেন, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছে এবং কেবল তাদের নিজেদের দেশের পর্যটকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিন দ্বীপে আয়োজিত আরেকটি বিক্ষোভের নেতা সাইচোল নুচোট থাই সরকারের কাছে নাগরিকত্ব পাওয়া ইসরায়েলিদের নাগরিকত্ব বাতিল এবং দেশটির সকল চাবাদ প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

স্থানীয় প্রতিবাদী দলগুলোর অভিযোগ, ইসরায়েলি নাগরিকরা বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে, স্থানীয় সংস্কৃতিকে অসম্মান করছে এবং বিদেশী মালিকানার বিধিনিষেধ এড়াতে থাই নাম ব্যবহার করছে।

থাইল্যান্ডে গঠিত 'চাবাদ হাউস' নামে পরিচালিত কেন্দ্রগুলোর কর্মকাণ্ড সম্প্রতি নজরদারির আওতায় এসেছে। গত জুলাইয়ে এক তদন্ত চলাকালীন এক ইসরায়েলি পর্যটক কর্মকর্তাদের সঙ্গে তর্ক করে বলেন, ‘আপনারা কি জানেন না এটি ইসরায়েলি ভূখণ্ড?’

বিজ্ঞাপন

ঐ ঘটনার পর থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পরিধি বাড়ায় এবং সেপ্টেম্বরে দেশজুড়ে অন্তত নয়টি চাবাদ হাউসের লাইসেন্স ও সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত পরিচালনা করে।

গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশটির চাবাদ প্রধান রব্বাই ইউসেফ চাইম কান্টোরের থাই নাগরিকত্ব বাতিল করেন। ২০১৩ সালে থাই নাগরিকত্ব পাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবহার করে ১৬ বার অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে আসে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড ইসরায়েলি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে সামরিক বাহিনীতে দায়িত্ব শেষ করার পর অনেক ইসরায়েলি সেখানে ভ্রমণে যান।

বিজ্ঞাপন

২০২৩ সাল থেকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী আন্দোলন জোরালো হয়েছে। তবে থাইল্যান্ডের সাম্প্রতিক বিক্ষোভগুলোর পেছনে আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে বিদেশি নাগরিকদের প্রভাব, ব্যবসা পরিচালনা এবং সাংস্কৃতিক আচরণ নিয়ে অসন্তোষ কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য নিউ আরব

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD