Logo

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনে ধস: জরিপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৪:০৯
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনে ধস: জরিপ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে। প্রেসিডেন্ট হিসেবে তাঁর কর্মকাণ্ডের প্রতি জনসমর্থন নেমে এসেছে রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি। একই সঙ্গে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের প্রতি ভোটারদের সমর্থনও রিপাবলিকানদের তুলনায় বেশি। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত রয়টার্স/ইপসোসের নতুন জরিপে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

জরিপ অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩২ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থীদের মধ্যে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ৪৬ শতাংশ ডেমোক্রেটদের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন ৩৮ শতাংশ উত্তরদাতা।

নির্বাচনে ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও রিপাবলিকানদের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। সমর্থকদের উদ্দেশে তাঁর আহ্বান, তাঁকে ভোট দিচ্ছেন—এমনটা মনে করেই যেন ভোটকেন্দ্রে যান তাঁরা। ট্রাম্পের আশঙ্কা, রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্রেটরা তাঁকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নিতে পারে।

বিভিন্ন জরিপের ফলাফল বলছে, ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমাগত কমছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে তাঁর জনসমর্থনে নিম্নমুখী প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিন ভোক্তাদের মধ্যে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে টানা এক মাস জোরালো প্রচার চালিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় তাঁর নির্বাচনী প্রচার। রাজধানীর পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে এই স্থানটির সংস্কারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্ধারিত সময়ের কয়েক মাস পর প্রকল্পটি শেষ হয় এবং এর ব্যয় মূল বাজেটের তুলনায় ১০ গুণেরও বেশি বেড়ে যায়।

শেষ মুহূর্তের প্রচারেও নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। সোমবার তিনি পরোক্ষভাবে স্বীকার করেন, তাঁর ব্যাপক প্রচারণা সত্ত্বেও রিপাবলিকানরা প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। তবে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের পিছিয়ে পড়াকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রীতি হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “কোনো এক অজানা কারণে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাধারণত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে পারেন না। তবে আমরা লড়াই চালিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD