ঘুরতে গিয়ে মনের মানুষ খুঁজুন, সিঙ্গেলদের আমন্ত্রণ জানাচ্ছে ফিনল্যান্ড

অচেনা দেশে নতুন মানুষের সঙ্গে পরিচয়, একসঙ্গে খাবার খাওয়া, এমনকি মনের মানুষের সন্ধানও মিলতে পারে ভ্রমণে। এবার এমন অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। দেশটির পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত নারী ও পুরুষকে বিনা খরচে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি।
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারী-পুরুষ এতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীরা ফিনল্যান্ডের বাসিন্দা হতে পারবেন না।
আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা দেশটির ঐতিহ্যবাহী খাবার উপভোগ করবেন। মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি নানা পদ। ফিনল্যান্ডের কয়েকজন খ্যাতনামা রাঁধুনি এসব খাবারের মেনু প্রস্তুত করবেন।
বিজ্ঞাপন
এই ভ্রমণের বিশেষ আকর্ষণ হবে নৈশভোজের আয়োজন। রাজধানী হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে বসবে এসব বিশেষ ডিনার। সেখানে বিদেশি সিঙ্গেলদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খাওয়ার পাশাপাশি স্থানীয় অবিবাহিত নারী-পুরুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে।
আয়োজনটির মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শুধু নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগই পাবেন না, বরং ফিনল্যান্ডের খাবার, সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কেও জানতে পারবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেছেন, ফিনল্যান্ডের মানুষের সুখী জীবনযাপনের সঙ্গে দেশটির খাবারের গভীর সম্পর্ক রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় খাবারের মাধ্যমে ফিনল্যান্ডের প্রকৃতি, ঋতু ও মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। এবার সেই অভিজ্ঞতা ভ্রমণকারীদের সঙ্গে ভাগ করে নিতে চায় দেশটি।
এই আয়োজনের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি বিশেষ ডেটিং প্রবণতা। দেশটিতে এর নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’। কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের ঝুড়ি রাখা হয়েছে।
কেউ এসব ঝুড়ি নিয়ে কেনাকাটা করলে অন্যরা সহজেই বুঝতে পারেন, তিনি নতুন কারও সঙ্গে কথা বলতে বা পরিচিত হতে আগ্রহী। এভাবে দেশটির সুপারশপগুলোও হয়ে উঠছে নতুন মানুষের সঙ্গে পরিচয়ের একটি জায়গা।
বিজ্ঞাপন
সূত্র: ফোর্বস








