Logo

স্বজনহীন তরুণের বিয়েতে অচেনাদের ঢল, ভালোবাসায় ভরে উঠল আয়োজন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ২০:১৭
স্বজনহীন তরুণের বিয়েতে অচেনাদের ঢল, ভালোবাসায় ভরে উঠল আয়োজন
ছবি: সংগৃহীত

বিয়ের মতো জীবনের বিশেষ দিনে পাশে থাকার কথা স্বজনদের। কিন্তু চীনের এক তরুণের জীবনে সেই সুযোগ ছিল না বললেই চলে। তাই বিয়েতে আত্মীয়স্বজনের অনুপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা মানুষের কাছে আমন্ত্রণ জানান তিনি। তাঁর সেই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন শত শত মানুষ। উপহার, রান্নার সরঞ্জাম, গাড়ি বহর—সব মিলিয়ে তাঁদের উপস্থিতিতে আনন্দময় হয়ে ওঠে স্বজনহীন তরুণের বিয়ে।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছিলেন ওই তরুণ। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তাঁর বাবা মারা যান। পরে মা অন্যত্র বিয়ে করলে বড় ভাইকে সঙ্গে নিয়ে অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠতে হয় তাঁকে। নানা প্রতিকূলতা পেরিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে একসময় ভালোবাসার মানুষকে বিয়ে করার মতো অর্থ জমাতে সক্ষম হন তিনি।

তবে বিয়ের আয়োজন করতে গিয়ে নতুন সমস্যায় পড়েন তরুণ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর মতো নিকটাত্মীয় প্রায় কেউই ছিলেন না। ফলে বিয়ের দিনটি স্বজনদের উপস্থিতি ছাড়া নিরানন্দ হয়ে যাবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।

এ অবস্থায় নিজের জীবনের গল্প জানিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের বিয়েতে আমন্ত্রণ জানান। তাঁর ভিডিও বার্তায় উঠে আসে, ভালোবাসার মানুষকে ঘরে তোলার জন্য অনেক পরিশ্রম করে অর্থ সঞ্চয় করলেও বিয়েতে দাওয়াত দেওয়ার মতো আত্মীয়স্বজন নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তরুণের সেই আহ্বানে অনলাইনে অভাবনীয় সাড়া মেলে। মন্তব্যের ঘরে অনেকেই আশ্বাস দিয়ে লেখেন, ‘‘ভাই, চিন্তার কিছু নেই! আমরা আসছি!!’’

এরপর বিয়ের দিন ঘটে আরও বিস্ময়কর ঘটনা। আমন্ত্রিতরা শুধু অনুষ্ঠানে যোগ দিতেই আসেননি, বরং বর-কনের জন্য সঙ্গে করে নিয়ে আসেন নানা উপহার ও রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম। কয়েকজন পেশাদার রাঁধুনি বিনা পারিশ্রমিকে বিয়ের খাবার তৈরির দায়িত্বও নেন।

বিজ্ঞাপন

বরযাত্রীদের জন্য কেউ কেউ পুরো গাড়ি বহরের ব্যবস্থা করেন। এক ব্যক্তি বর-কনের জন্য নিয়ে আসেন বিলাসবহুল ‘মাইবাখ’ গাড়ি। আবার অনেকে নিজের হাতে মোমবাতি এনে সাজিয়ে তোলেন নবদম্পতির বাড়ি। অচেনা মানুষের এমন আন্তরিকতায় বিয়ের আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া

হৃদয়স্পর্শী এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ইউ স্যাফিরে ক্রিস্টাল নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। প্রকাশের পর পোস্টটি তিন হাজারের বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পায়।

বিজ্ঞাপন

ভিডিওটি দেখে অনেক ব্যবহারকারী আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন। তাঁদের মতে, জীবনের বিশেষ দিনে শত শত অচেনা মানুষকে পাশে পাওয়া ওই তরুণের জন্য নিঃসন্দেহে অসাধারণ অভিজ্ঞতা।

রেডিটের এক ব্যবহারকারী লেখেন, মাত্র ১৫ মিনিট আগে তিনি বিয়ের একটি ছোট ভিডিও দেখেছেন। সেটি দেখার পর তাঁর চোখ ভিজে উঠেছিল।

আরেকজন জানতে চান, এত মানুষের উপস্থিতি দেখে তরুণ বরের প্রতিক্রিয়া কেমন ছিল? এমন অভাবনীয় আয়োজন তিনি আগে থেকে কল্পনাও করতে পেরেছিলেন কি না, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেন ওই ব্যবহারকারী।

বিজ্ঞাপন

অন্য এক ব্যবহারকারী আশা প্রকাশ করেন, বিয়ের দিনে গ্রামবাসী ও অচেনা মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন এই দম্পতি, তাঁদের প্রতিটি বিবাহবার্ষিকীতেও যেন সেই আন্তরিকতা অব্যাহত থাকে।

সূত্র: এনডিটিভি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD