Logo

বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো বাল্যবিয়ে

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২ নভেম্বর, ২০২৬, ২০:০৮
বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো বাল্যবিয়ে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। বর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভৈরব পৌর শহরের দড়ি চণ্ডিবের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকার ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে কুলিয়ারচর উপজেলার আগানগর গ্রামের আলী হোসেনের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রথমে ভূমি অফিসের দুই কর্মীকে ঘটনাস্থলে পাঠিয়ে তথ্য যাচাই করেন তিনি। বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিজেই কনের বাড়িতে উপস্থিত হন।

সেখানে কনের পরিবারের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখতে চাওয়া হলে তারা তা দেখাতে পারেননি। পরে জন্মনিবন্ধন সনদ যাচাই করে দেখা যায়, কনের বয়স মাত্র ১৩ বছর ১০ মাস। এ সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিলেন কাজি ওসমান গণি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে কাজি ও কনের অভিভাবকদের উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়। সেখানে কনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না—এমন মুচলেকা দেন তার অভিভাবকরা। কনের বাবা নিজের ভুল স্বীকার করায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ‘কনের বাবা তার ভুল স্বীকার করায় অভিভাবক ও কাজির কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD