Logo

মাদক-বাল্যবিয়ের তথ্য দিলেই মিলবে পুরস্কার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪১
মাদক-বাল্যবিয়ের তথ্য দিলেই মিলবে পুরস্কার
ছবি : এআই দিয়ে তৈরি

ঢাকা জেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিয়ের আয়োজনের তথ্য জানালে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে এসব তথ্য জানানো যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে যাচাই শেষে তথ্য সঠিক প্রমাণিত হলে প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, কেনাবেচা বা সরবরাহ কিংবা বাল্যবিয়ের আয়োজন বা উদ্যোগের খবর জানা থাকলে ‘হ্যালো ডিসি’র মাধ্যমে তা প্রশাসনকে জানানো যাবে। তথ্য পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মাদক ও বাল্যবিয়ে সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কারও কাছে এ ধরনের ঘটনার তথ্য থাকলে তা ‘হ্যালো ডিসি’র মাধ্যমে জানানো যেতে পারে।

তিনি বলেন, তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করা ব্যক্তিদের উৎসাহিত করতেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায় থেকে অপরাধের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে ঘটনার শুরুতেই ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়। এ কারণে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য জানাতে ‘হ্যালো ডিসি’র ওয়েবসাইট ব্যবহার করা যাবে। এ ছাড়া গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও তথ্য পাঠানো সম্ভব। সরাসরি ০৯৬৩৯০০৬০৬০ নম্বরে ফোন করেও অভিযোগ বা তথ্য জানানো যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানিয়েছে, যাচাইয়ের পর তথ্য সঠিক প্রমাণিত হলে তথ্যদাতার পরিচয় গোপন রেখেই প্রয়োজনীয় অভিযান বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতার ঠিকানায় উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে নাগরিকদের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে অপরাধ সংঘটনের আগেই তথ্য পাওয়ার মাধ্যমে তা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD