Logo

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা নিতে হবে: আইজিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৬
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা নিতে হবে: আইজিপি
ছবি: সংগৃহীত

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করার সুযোগ নেই। অপরাধী হিসেবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক কারবার ও এর বিস্তার ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কিশোর অপরাধীদের বিষয়েও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি। বিশেষ করে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিষয়ে অনুসন্ধান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাং সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান সায়েদুর রহমান। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে বডি-ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, অপহরণ ও পুলিশ আক্রান্তের ঘটনাসহ বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, তদন্তের অগ্রগতি, বিচারপ্রক্রিয়া এবং সাজা কার্যকরের হারও পর্যালোচনা করা হয়।

সভায় বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তরে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD