Logo

১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৮:২৬
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন। এ সময় জেলা শহরে আয়োজিত ক্রীড়া উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। একই সফরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সফরকালে জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন তিনি। সেখানে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ করার পাশাপাশি উপস্থিত অতিথি ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জে আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি জেলা শহরের স্টেডিয়ামে স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলা উপভোগ করবেন। পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২০০৪ সালে সর্বশেষ তিনি এই জেলায় এসেছিলেন। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় আয়োজিত একটি জনসভায় বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে যান তারেক রহমান। সেখানে পৃথক দুটি সমাবেশেও বক্তব্য দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সুনামগঞ্জের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুরুত্ব তৈরি হয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আরও তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD