Logo

বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য বড় সুখবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৩:৩৪
বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য বড় সুখবর
ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিশনের অবস্থান ও গ্রুপভেদে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার জন্য বছরে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত শিক্ষা ভাতা পাওয়া যাবে। এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার। এ গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ ১৫টি মিশন রয়েছে।

দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়— উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে।

তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার দেওয়া হবে। এ গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ ১৯টি মিশন রয়েছে।

বিজ্ঞাপন

চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার।

এ গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজে বহন করতে হবে। ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে; ব্যক্তিগত হিসাবে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং নিজ অংশ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে পরিশোধ করতে হবে।

এ ছাড়া যেসব দেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সন্তানকে অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়ালেও নিজ কর্মস্থলের বাংলাদেশ মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমাই কার্যকর হবে। প্রজ্ঞাপনে আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD